পুলিশের কাজ দুষ্টের দমন, শিষ্টের লালন : প্রধানমন্ত্রী।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার:

পুলিশের কাজ দুষ্টের দমন, শিষ্টের লালন : প্রধানমন্ত্রী।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাকে বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রযুক্তি গত দক্ষতা সম্পন্ন আধুনিক ও মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, পুলিশের কাজ দুষ্টের দমন আর শিষ্টের লালন।
রোববার (১০ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত পুলিশের কল্যাণ প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে একটি ফ্যাসিবাদী সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই সময় অতিক্রম করে এখন জনগণের আস্থা পুনরুদ্ধারের সময় এসেছে। জনগণের বিশ্বাস অর্জন এবং তা ধরে রাখাই বর্তমানে পুলিশের সব চেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইন ভিত্তিক ও মানবিক। যেকোনো বিপদে মানুষ যেন থানাকে নির্ভর যোগ্য আশ্রয় স্থল হিসেবে মনে করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণ রাষ্ট্রের মালিক। সেই মালিক যখন থানায় যায়, তখন পুলিশের আচরণে যেন রাষ্ট্রের মালিকানার মর্যাদা অনুভব করতে পারেন, বলেন প্রধানমন্ত্রী।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, সাধারণ মানুষ আইনি সহায়তার জন্য প্রথমেই থানায় আসে। তাই থানায় সেবাপ্রত্যাশীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা পুলিশের দায়িত্বের অংশ
প্রধানমন্ত্রী বলেন, পুলিশ প্রশাসন কোনো রাজনৈতিক দলের নয়; এটি আইন অনুযায়ী পরিচালিত হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। তিনি থানা গুলোকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। তাই বাংলাদেশ পুলিশকে প্রযুক্তি নির্ভর, দক্ষ ও যুগোপযোগী বাহিনীতে রূপান্তর করতে অপরাধ বিশ্লেষণ সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির বিস্তৃত প্রয়োগ জরুরি।
তিনি আরও বলেন, সরকার মানবাধিকার সমুন্নত রেখে আইনের শাসন নিশ্চিত করতে চায়। গুম, অপহরণ কিংবা বিচার বহির্ভূত কর্মকাণ্ড কোনো ভাবেই গ্রহণ যোগ্য নয়। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা প্রতিটি পুলিশ সদস্যের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব,বলেন প্রধানমন্ত্রী।