
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রকে দ্রুত আধুনিক ডিজিটাল চরিত্রে রূপান্তর করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের মূল্যবোধ তৈরিতে সহায়ক কনটেন্ট প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে ভবিষ্যৎ প্রজন্মকে শুধু প্রযুক্তিগত ভাবে দক্ষ করলেই হবে না, তাদের ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
মন্ত্রী বলেন, তরুণদের মনোজগতে নৈতিকতার দৃঢ় ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয়।
আজ রবিবার (১০ মে) রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সমাজ ও অর্থনীতি দ্রুত ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য পর্যন্ত প্রায় সব কিছুই এখন ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর। তবে দেশের অনেক কাঠামো এখনো সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছে না।
৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একজন রাষ্ট্রনায়ক বা দায়িত্বশীল ব্যক্তির নৈতিক মানদণ্ড ঠিক না থাকলে তার পরিণতি ভালো হয় না।
জহির উদ্দিন স্বপন বলেন, জন্মগত ভাবে মানুষের মধ্যে যে পাশবিক প্রবৃত্তি থাকে, তা নিয়ন্ত্রণের জন্য শৈশব থেকেই সুকুমার বৃত্তির চর্চা প্রয়োজন। শিক্ষা ব্যবস্থা ও কারিকুলামে নৈতিক শিক্ষার প্রতিফলন থাকতে হবে, যাতে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই উন্নত মনস্তত্ত্ব নিয়ে বড় হতে পারে।
তিনি আরও বলেন, অতীতে দেশে দুর্বৃত্তায়নের সংস্কৃতি ছিল। সে সময় ভালো কোনো উদ্যোগ বা সমস্যা নিয়ে কথা বলার পরিবেশ ছিল না। বর্তমানে সেই রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে দেশ বেরিয়ে এসেছে এবং মুক্ত আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি নৈতিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট–এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী নুরুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট–এর চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক মো. মঈনউদ্দিন খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–এর চেয়ারম্যান ড. মো. সবুর খান।
সেমিনার শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন তথ্যমন্ত্রী।