
ক্রাইম নিউজ, গোবিপ্রবি প্রতিবেদক :

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) হাদি চত্বর সংলগ্ন এলাকায় একটি অসম্পূর্ণ ও স্ল্যাববিহীন ড্রেন শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করেছে। বিষয়টি জোরালোভাবে সামনে এনেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক।
বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে মেইন গেইট দিয়ে বের হওয়ার পথে হাতের বাম পাশে দীর্ঘদিন ধরে ড্রেনটি খোলা অবস্থায় পড়ে রয়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশেষ করে সন্ধ্যা ও রাতে ঝুঁকি আরও বাড়ে।
এ বিষয়ে মো. শফিকুল ইসলাম শফিক বলেন, “এই স্ল্যাববিহীন ড্রেনটি এখন শিক্ষার্থীদের জন্য একপ্রকার মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এই পথ ব্যবহার করছে। যে-কোনো সময় বড়ো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত এর স্থায়ী সমাধান চাই।”
তিনি আরও বলেন, প্রশাসনের উচিত দ্রুত সময়ের মধ্যে ড্রেনটির অসম্পূর্ণ কাজ শেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।