
মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আরও উন্নত করতে ১৯টি সুপারিশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এর মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে নির্বাচনে অংশ গ্রহণের ক্ষেত্রে দেশের রাজনৈতিক দলগুলোর দেওয়া দেশীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ কালে এসব কথা বলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
ইলেকশন ‘ইঞ্জিনিয়ারিং’ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইভার্স ইজাবস জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পর্যবেক্ষণে এ ধরনের কোনো অভিযোগ চোখে পড়েনি। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে অভিযোগ থাকলে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা উত্থাপন করতে পারে।
তিনি আরও বলেন, ২০০৮ সালের পর দেশে এমন একটি বিশ্বাস যোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হয়েছে। এতে সুশাসন প্রতিষ্ঠার পথ আরও সুগম হয়েছে। বিশেষ করে নির্বাচন কালীন নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক ছিল এবং ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোনো অস্বচ্ছতার অভিযোগ পাওয়া যায়নি।
ইভার্স ইজাবস উল্লেখ করেন, প্রার্থীরা তুলনামূলক ভাবে স্বচ্ছ পরিবেশে প্রচারণা চালাতে পেরেছেন। রাজনৈতিক সংকট মোকাবিলায় সংলাপের সুযোগ ছিল এবং নির্বাচন কালীন যেকোনো অভিযোগ বা সমস্যা দ্রুত ও বিশ্বাস যোগ্য ভাবে সমাধান করা হয়েছে।
তবে নির্বাচন সংশ্লিষ্ট আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে আরও কাজ করার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
গত বছরের শেষ দিক থেকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র গুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন নিয়ে মিশনটি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছিল।