
মো. আল মাসুম খান. চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় খুলনা প্রেসক্লাব-এ ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করে খুলনা প্রেস ক্লাবে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
তাদের দাবি, পূর্ব থেকেই প্রেস ক্লাবে নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন ব্যক্তি সভাপতি প্রার্থী সাংবাদিক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি মো. তারিকুল ইসলামের ওপর হামলা করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হন বলে জানা গেছে। হামলার পরপরই প্রেস ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
সংহতি জানিয়ে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।
সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ কর্মসূচি সঞ্চালনা করেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়। এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।