
মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
পিরোজপুরে চুরির মিথ্যা অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ অফিসার্স মেসে আটকে রেখে বর্বর ও পৈশাচিক নির্যাতনের খবর পাওয়া গেছে। পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তার সহযোগীদের বিরুদ্ধে ভুক্তভোগীর পুরুষাঙ্গে জ্বলন্ত মোমবাতি গলিয়ে ঢেলে দেওয়ার মতো শিউরে ওঠা অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার মো: ইউনুস ফকির পিরোজপুর পুলিশ অফিসার্স মেসের কেয়ারটেকার হিসেবে কর্মরত।
ঘটনার সূত্রপাতে
জানা গেছে, পুলিশ অফিসার্স মেসের ওসির কক্ষের চাবি কেয়ারটেকার ইউনুস এবং খোদ ওসির কাছেই থাকতো। সম্প্রতি ওই কক্ষ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরির ঘটনা ঘটলে কোনো প্রমাণ ছাড়াই সন্দেহের বশবর্তী হয়ে ওসি ইউনুসকে ডেকে পাঠান। এরপর তাকে একটি গাড়িতে তুলে চলন্ত অবস্থায় ইলেকট্রিক শক দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
পৈশাচিক নির্যাতন
পরবর্তীতে ইউনুসকে পুনরায় অফিসার্স মেসে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে ওসির বডিগার্ড মোমবাতি নিয়ে আসেন এবং চারজন মিলে ইউনুসের হাত, পা ও মুখ চেপে ধরেন। এসময় ওসির উপস্থিতিতে তার বডিগার্ড জ্বলন্ত মোমবাতি থেকে গলন্ত মোম সরাসরি ইউনুসের পুরুষাঙ্গে ঢেলে দেন। যন্ত্রণায় ভুক্তভোগী বারবার জ্ঞান হারালেও দীর্ঘ সময় ধরে এই মধ্যযুগীয় বর্বরতা চালানো হয়।