
মা: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেন ফিরে এসেছিল আশির দশকের কালজয়ী চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’র সেই বিভীষিকাময় দৃশ্য। গত বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে স্কুল ছুটি হলে শিক্ষকরা কক্ষ ও শৌচাগার যথাযথভাবে যাচাই না করেই ভবন ও মূল ফটকে তালা দিয়ে চলে যান। সে সময় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া বিদ্যালয়ের বাথরুমে আটকা পড়ে থাকে। দীর্ঘক্ষণ অবরুদ্ধ অবস্থায় থাকার পর শিশুটি ভয়ে চিৎকার ও কান্নাকাটি শুরু করলে তা পথচারীদের নজরে আসে এবং খবর পেয়ে সাদিয়ার বাবা মনিরুল ইসলাম দ্রুত স্কুলে ছুটে আসেন।
স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়ের মূল ফটক খোলা সম্ভব হলেও ভেতরের কলাপসিবল গেট ও শৌচাগারের তালা ভাঙা সম্ভব না হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। পরে বিদ্যালয়ের এক নারী শিক্ষককে চাবিসহ ডেকে আনা হলে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকদের চরম দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী স্কুল ত্যাগের আগে প্রতিটি কক্ষ ও শৌচাগার নিশ্চিত করার কথা থাকলেও তা মানা হয়নি। ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে ফোনে পাওয়া যায়নি। এমনকি রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে এসেও প্রধান শিক্ষকের কোনো সাড়া পাননি। রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম জানান, মেয়েটি সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে এটিই সব চেয়ে স্বস্তির বিষয়, তবে পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং শিক্ষকদের দায়িত্বে কোনো অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করা হবে।
উল্লেখ্য ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছুটির ঘণ্টা’ সিনেমায় বাথরুমে আটকে পড়া এক ছাত্রের মর্মান্তিক মৃত্যুর স্মৃতিকে এই ঘটনাটি নতুন করে উসকে দিয়েছে, যা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও দায়িত্বশীলতা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।