
এমডি আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

কুষ্টিয়ার মিরপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ওই কিশোরীকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষায় তাকে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন স্থানীয় ও স্বজনরা।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। গত বৃহস্পতিবার সকালে সে বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিল। অনুষ্ঠান শেষে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার সন্ধান শুরু করেন। এক পর্যায়ে রাত ৮টার দিকে বিদ্যালয়ের পিয়ন হামিদুলের কাছে চাবি চাইলে তিনি প্রথমে বিদ্যালয়ে কেউ নেই বলে জানান এবং চাবি দিতে অস্বীকৃতি জানান। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা পিয়নের কাছ থেকে চাবি নিয়ে বিদ্যালয়ের তৃতীয় তলায় তল্লাশি চালিয়ে মেয়েটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর প্রথমে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন। হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, ভুক্তভোগী কিশোরীকে রাতের দিকে হাসপাতালে আনা হয়। শুক্রবার সকালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ফরেনসিক রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।”
ভুক্তভোগীর মা জানান, অনুষ্ঠান শেষে তার মেয়ে ব্যাগ আনতে শ্রেণিকক্ষে গিয়েছিল, এরপর থেকে তার আর সন্ধান পাওয়া যায়নি। জ্ঞান ফেরার পর ভুক্তভোগী কিশোরী জানায়, সে সিঁড়ির কাছে বসে ছিল, এরপর কী ঘটেছে তার আর কিছু মনে নেই।
কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ওই কিশোরীর বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে সে স্থানীয় একটি গ্রামে নানাবাড়িতে থেকে পড়াশোনা করে আসছিল। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।