খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গজাল ইমন’ অস্ত্র, গোলাবারুদসহ গ্রেফতার, এলাকায় স্বস্তি।

এমডি আল মাসুম খান, চিফ ক্রাইম রিপোর্টার :

খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গজাল ইমন’ অস্ত্র, গোলাবারুদসহ গ্রেফতার, এলাকায় স্বস্তি।
খুলনা মহানগরীতে দীর্ঘদিন ধরে আতঙ্কের আরেক নাম হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে ‘গজাল ইমন’ (২৩) কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রেফতারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্র জানায়, দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে ৪ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়ের মহল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ইমন হাওলাদারকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ইমন দৌলতপুর থানার মহেশ্বরপাশা বুচি তলা এলাকার বাসিন্দা। তার পিতা আলমগীরের হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ‘গজাল ইমন’ নামে পরিচিত এই যুবক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল
পুলিশ জানায়, গ্রেফতারের পর ইমনকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে মহেশ্বর পাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে পরিচালিত ওই অভিযানে একটি গোপন স্থানে লুকিয়ে রাখা অস্ত্রভাণ্ডার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের গুলি এবং ৪ রাউন্ড ওয়ান শুটার গানের গুলি। এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ইমন হাওলাদারের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অন্তত ৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি পুলিশের তালিকাভুক্ত একজন সক্রিয় অপরাধী হিসেবে চিহ্নিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ইমন হাওলাদার শুধু নিজে অপরাধে জড়িত ছিলেন না, বরং তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রও সক্রিয় ছিল। তার গ্রেফতারের মাধ্যমে ওই চক্রের কার্যক্রমে বড়ো ধরনের ধাক্কা লাগবে বলে মনে করছেন তারা।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ‘গজাল ইমন’ ও তার সহযোগীদের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। রাতের বেলা চলাফেরা, ব্যবসা-বাণিজ্য এমনকি সাধারণ জীবনযাপনেও প্রভাব পড়েছিল। তার গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কেএমপি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
খুলনা মহানগরীতে সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের এমন ধারাবাহিক অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।