সুন্দরবনে ৪ হাজার ফুট মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক।

এমডি আল মাসুম খান, চিফ ক্রাইম রিপোর্টার :

সুন্দরবনে ৪ হাজার ফুট মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক।
পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমের এলাকা থেকে বিপুল পরিমাণ মালা ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগের বনরক্ষীরা।
শনিবার (৪ এপ্রিল) সকালে নিয়মিত টহল অভিযানের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সকালে ডিমের এলাকায় অভিযান চালায়। এ সময় বনের ভেতরে হরিণ শিকারের জন্য পাতা বিপুলসংখ্যক মালা ফাঁদ দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে এক শিকারিকে আটক করতে সক্ষম হন বনরক্ষীরা।
আটক ব্যক্তি পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে ছগির খান (৪০)। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরও অন্তত পাঁচজন শিকারি পালিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
অভিযানে আটক শিকারির কাছ থেকে প্রায় ৪ হাজার ফুট মালা, ফাঁদ, মাংস পরিমাপের দাঁড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাস্টিকের বস্তা, চাল-ডালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, আটক শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বাগেরহাট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বনবিভাগ জানিয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বনজ সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।