দাম্পত্য কলহে জেরে গোবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা।

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :

দাম্পত্য কলহে গোবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা।
স্বামীকে ঘরে আটকে রেখে গলায় ফাঁস, ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায়।
গোপালগঞ্জে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ছাত্রী দীপা দাস (২২) আত্মহত্যা করেছেন। দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে গোপালগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তীব্র বাগ্‌বিতণ্ডা হয় দীপার। একপর্যায়ে তিনি স্বামীকে একটি কক্ষে আটকে রেখে পাশের ঘরে যান। পরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন।
স্বামী ও আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। দাম্পত্য কলহের বিষয়টি সামনে এসেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
তিনি জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ বলছে, আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ বা প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দীপা দাস গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সহপাঠীরা জানান, তিনি মেধাবী ও শান্ত স্বভাবের ছিলেন। এমন মৃত্যু তারা মেনে নিতে পারছেন না।