
বিশেষ প্রতিবেদক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঘরে ফিরতে শুরু করেছে লাখো মানুষ।
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামমুখী মানুষের ঢল নেমেছে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনগুলোতে। তবে আনন্দের এই যাত্রা অনেকের জন্যই পরিণত হয়েছে চরম ভোগান্তি ও হতাশায়।
অভিযোগ উঠেছে, ঈদকে কেন্দ্র করে রাইনখোলা সহ একশ্রেণির অসাধু পরিবহন মালিক, কাউন্টার দালাল ও সিন্ডিকেট যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ এমনকি তিনগুণ পর্যন্ত ভাড়া আদায় করছে।
নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা না দিলে মিলছে না টিকিট, এমন অভিযোগ করেছেন অসংখ্য যাত্রী।
সরেজমিনে দেখা গেছে, ঢাকার বিভিন্ন বাস কাউন্টার ও টার্মিনালে যাত্রীদের দীর্ঘ লাইন। অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে একটা টিকিটের জন্য।
কাউন্টারগুলোতে বলা হচ্ছে সিট নেই, কিন্তু অতিরিক্ত টাকা দিলে মুহূর্তেই মিলছে সিট, এমন অভিযোগও করছেন যাত্রীরা।
যাত্রীরা জানান, সাধারণ সময়ে যে ভাড়া ৬০০ থেকে ৮০০ টাকা, ঈদ উপলক্ষ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
ঢাকা থেকে দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহনগুলোতে এই অনিয়ম বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে গ্রামে যাওয়ার জন্য বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়েই টিকিট কিনছেন।
একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারা বছর কষ্ট করে কাজ করি, ঈদের সময় পরিবারের কাছে যাবো, এই সুযোগে আমাদের কাছ থেকে দ্বিগুণ টাকা নিচ্ছে পরিবহণগুলো। এটা এক ধরনের জিম্মি করে টাকা আদায়।
আরেক যাত্রী বলেন, “কাউন্টারে গেলে বলে সিট নেই। কিন্তু পাশেই দালালরা বেশি টাকা নিলে সঙ্গে সঙ্গে টিকিট দিয়ে দিচ্ছে। প্রশাসন কি এসব দেখে না?”
সচেতন মহলের মতে, প্রতি বছর ঈদ এলেই একই চিত্র দেখা যায়। অথচ কার্যকর তদারকি না থাকায় পরিবহন মালিক ও দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ঈদে ঘরে ফেরা মানুষের এই দুর্ভোগ দূর করতে হলে এখনই কঠোর নজরদারি ও অভিযান চালানো জরুরি। অন্যথায় অসাধু চক্রের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে।
ভুক্তভোগী যাত্রীদের দাবি, ঈদের আনন্দময় যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ, নিয়মিত মনিটরিং এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অন্যথায় ঈদের আনন্দে ঘরে ফেরার স্বপ্ন বারবারই দুর্ভোগে পরিণত হবে, আর সাধারণ মানুষকে জিম্মি করে চলবে পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য।