
বাধন দত্ত, অনুসন্ধানী প্রতিবেদক :

সোমবার, ভোর ৪টার দিকে ঘুমের মধ্যেই স্ট্রোক অতঃপর চিরনিদ্রায় শায়িত হন অভিনেতা তমাল রায়চৌধুরী; তার মৃত্যুতে টালিগঞ্জের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য অভিনেতার মরদেহ টেকনিশিয়ান্স স্টুডিয়োতে রাখার কথা। সেখানে সহকর্মী ও ভক্তরা শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। এরপর কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। বাংলা চলচ্চিত্রে ইতিবাচক ও নেতিবাচক, দুই ধরনের চরিত্রেই অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি, চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, হালুয়ালে, বিন্দাস, জাতিস্মর, গোরস্তানে সাবধান, আমাজন অভিযান ও চাঁদের পাহাড়সহ একাধিক জনপ্রিয় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, তবে বেশ কয়েক বছর ধরেই বড়ো পর্দা থেকে দূরে ছিলেন এই অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শারীরিক সমস্যার কারণে নিয়মিত কাজ করা কঠিন হয়ে পড়েছিল। তাঁর বুকে পেসমেকারও বসানো হয়েছিল। দূরে গিয়ে শুটিং করা সম্ভব না হওয়ায় ধীরে ধীরে অভিনয় থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি।
তমাল রায়চৌধুরীর মৃত্যুতে স্মৃতিচারণ করেছেন সহশিল্পীরা। স্কুলজীবন থেকেই নাটকের প্রতি ঝোঁক ছিল তমাল রায়চৌধুরীর। ১৯৬২ সাল থেকে থিয়েটারে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। সেখান থেকেই ধীরে ধীরে সিনেমা ও টেলিভিশনের জগতে নিজের জায়গা করে নেন এই অভিনেতা।