গোপালগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য : আড্ডা থেকে অপরাধ- উদ্‌বেগে অভিভাবকরা!

ক্রইম নিউজ প্রতিবেদক :

গোপালগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য : আড্ডা থেকে অপরাধ— উদ্‌বেগে অভিভাবকরা!

গোপালগঞ্জ জেলা শহরে বাড়ছে কিশোর গ্যাং-এর দৌরাত্ম্য, শহরজুড়ে আতঙ্ক। কিশোর গ্যাং-এর প্রভাব দিন দিন বেড়েই চলেছে।

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পালটা ধাওয়া করতে দেখা যায়। একই সাথে শহরের কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে  (ফেইসবুকে) দেখা যায়।

গতকাল শনিবার (৭ই মার্চ) রাত আনুমানিক ১০টায় গোপালগঞ্জ শহরের বীণাপাণি সরকারি বিদ্যালয়ের মোড়ে কিশোর গ্যাংয়ের দু- গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে পাশের এফ এন এফ রেস্টুরেন্ট-এর মধ্যে ঢুকে কর্মচারীদের মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষকারীরা বেশির ভাগই শহরের পার্শ্ববর্তী এলাকা ঘোষেরচর উত্তরপাড়া ও মিয়াপাড়ার এলাকার লোকজন।

গোপালগঞ্জ সদর উপজেলা শহরে কিশোরদের ছোট ছোট সংঘবদ্ধ গ্রুপ বা ‘কিশোর গ্যাং’ নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় কিশোরদের দলবদ্ধ আড্ডা, মাদক সেবন, মারামারি ও ছিনতাইয়ের মতো ঘটনায় এসব গ্যাংয়ের সম্পৃক্ততা দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় কিশোরদের দলবদ্ধ আড্ডা প্রায়ই দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য, এস এম মডেল বিদ্যালয়ের মাঠসহ আছে পাশে, প্রধান পোস্ট অফিসের মোড়, বীণাপাণি মহিলা বিদ্যালয়ের মোড় ও এর আশপাশ এলাকাতে, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনের চায়ের দোকানে, গোহাটা বটতলার মোড়, পার হাউজের পার্শ্বে, লায়েকের মোড়, গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে ও পৌরসভার পাশে এবং গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ এলাকায়।

স্থানীয়দের মতে, কিশোর গ্যাং গঠনের পেছনে কয়েকটি কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে— পারিবারিক নজরদারির অভাব; স্কুল থেকে ঝরে পড়া বা শিক্ষায় অনাগ্রহ; মাদক ও খারাপ সঙ্গ; সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাং সংস্কৃতির প্রভাব; খেলাধুলা ও বিনোদনের সুযোগ কম থাকা; সাধারণত এসব গ্যাং ১০ থেকে ১৫ জন সদস্য নিয়ে গঠিত হয় এবং সদস্যদের বয়স ১৩ থেকে ২০ বছরের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এসব কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যেসব কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়— মাদক সেবন ও মাদক বিক্রি, মোবাইল ফোন ও টাকা ছিনতাই, স্কুল–কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, মোটরসাইকেল নিয়ে বেপরোয়া স্টান্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাং পরিচয় দিয়ে শক্তি প্রদর্শন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব; অনেক ক্ষেত্রে এসব ঘটনা ছোটোখাটো মারামারি দিয়ে শুরু হলেও পরে বড়ো সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়র।

গোপালগঞ্জ জেলায় অতীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কয়েকটি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একটি ঘটনায়, “ডেমন বয়েজ” নামে পরিচিত একটি গ্যাংয়ের কয়েকজন সদস্যকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

গোপালগঞ্জের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, স্কুল ছুটির পর অনেক শিক্ষার্থী দলবদ্ধভাবে শহরে আড্ডা দেয়। এর মধ্যে কিছু শিক্ষার্থী খারাপ সঙ্গের কারণে মাদক বা মারামারিতে জড়িয়ে পড়ছে।

তারা আরো বলেন, শুধু পুলিশি ব্যবস্থা দিয়ে সমস্যার সমাধান হবে না। পরিবার ও সমাজকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। প্রায়ই দেখা যায়, স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের কিশোর অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালানো করতে। এ ব্যপারে অভিভাবকদের সচেতন হওয়ার প্রয়োজন আছে বলে মনে করছেন সুধী সমাজ। তাদের মতে, কিশোরদের অপরাধ থেকে ফিরিয়ে আনতে সামাজিক উদ্যোগ, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলছেন, কিশোর বয়সে সঠিক দিকনির্দেশনা না পেলে অনেকেই অপরাধের পথে জড়িয়ে পড়ে। তাই পরিবার, স্কুল এবং স্থানীয় সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।