চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্রাইম নিউজ ডেস্ক :

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী।
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার (৪ মার্চ) দুপুরে ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দুইটা বিষয়ে অনুশাসন দিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে – আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করব এবং সেই হিসেবে তাদের আইনের আওতায় নিয়ে আসবো। অপরটি হচ্ছে -যারা অস্ত্রধারী সন্ত্রাসী, দাগি আসামী, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসবো।
তিনি আরো বলেন, শিগ্‌গিরই আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, দেশের শান্তিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। আশা করি আমরা খুব শিগ্‌গিরই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবো। স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম ও এ দেশের সাধারণ জনগণের সহযোগিতা চান।