বলিভিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা – ১৫

ক্রাইম নিউজ ডেস্ক :

বলিভিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা - ১৫
বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে গতকাল শুক্রবার দেশটির ব্যাংকের নোট বহনকারী একটি সামরিক কার্গো বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র সূত্রে পাওয়া যায়, দুর্ঘটনার পর বিমান থেকে ছড়িয়ে পড়া ব্যাংক নোট লুট করতে কিছু লোকজন ঘটনাস্থলে ভিড় করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সি-১৩০ মডেলের হারকিউলিস পরিবহন বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানটি পাশের সড়কে আছড়ে পড়লে অন্তত একটি গাড়ি এবং বেশ কয়েকটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।
বলিভিয়ার জাতীয় দমকল বিভাগের কর্নেল পাভেল টোভার সাংবাদিকদের বলেন, ‘বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। তিনি বলেন, আমরা নিহতদের মৃতদেহ উদ্ধার করছি।