
এমডি নাঈম, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক :

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। নিহতের নাম নিলু মুন্সী(৫০)।সে কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার(২৩ ফেব্রুয়ারী)বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন প্রথমে আনোয়ার মুন্সীর ছেলেরা হাসপাতাল গেটে নূর ইসলামকে আক্রমণ করে। এতে নুর ইসলাম আহত হয়। এঘটনার জেরে নুর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা ও ভাংচুর চালায় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের নারী সহ অন্তত ১১জন আহত হয়। প্রথমে আহতদেরকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারাত্মক আহত নিলু মুন্সী(৫০),স্ত্রী রুপা বেগম(৪০),তার অপর আহত ভাই মিলন মুন্সী(৫২), দুলাল মুন্সী(৪০)কে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হলে সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরপক্ষের নূর ইসলাম(৩৩)কে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদেরকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল্রাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন। এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে