ইনকিলাব মঞ্চে পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ।

ক্রাইম নিউজ ডেস্ক :

ইনকিলাব মঞ্চে পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) দুপুরের দিকে তারা শাহবাগ জড়ো হয়ে সড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা।
বিকেল সাড়ে ৪টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়ক থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে, পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পাশাপাশি জলকামান ব্যবহার করা হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। আন্দোলনকারীদের দাবি, এ সময় পুলিশ ছররা গুলিও নিক্ষেপ করে।
এ সময় পুলিশ লাঠিচার্জ ও বলপ্রয়োগ করলে বেশ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে ক্ষুব্ধ আন্দোলনকারীরা শাহবাগ অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের দাবি জানান এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল। এক বক্তা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ হামলা চালিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।”
শাহবাগ অবরোধের ফলে হাসপাতালগামী অ্যাম্বুলেন্সসহ সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ প্রত্যাহারের কোনো ঘোষণা পাওয়া যায়নি।