নাজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যাতায়াতের পথ বন্ধ ও মারধরের অভিযোগ।

​নিজস্ব প্রতিবেদক, নাজিরপুর, পিরোজপুর :

নাজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যাতায়াতের পথ বন্ধ ও মারধরের অভিযোগ।
​পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নে আদালতের স্পষ্ট নির্দেশনা ও নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের একমাত্র পথ বন্ধ করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের পশ্চিম ভীমকাঠী গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে বাধা দিতে গেলে সিকদার ফিরোজ আহমেদ (৪৮) নামে এক ব্যক্তিকে শারীরিক ভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
​ঘটনার বিবরণ ও মামলা :
প্রাপ্ত নথিপত্র অনুযায়ী, পশ্চিম ভীমকাঠী মৌজার (জেএল নং- ৬৩, বিএস খতিয়ান নং- ৫১৩, বিএস দাগ নং- ২৫৯) জমির মালিকানা ও সীমানা নিয়ে সিকদার ফিরোজ আহমেদ এবং হাসিব সিকদার গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ভুক্তভোগী ফিরোজ আহমেদের অভিযোগ, হাসিব সিকদার তার বসত বাড়ির প্রধান চলাচলের পথে পাকা ভবন নির্মাণ করে পথটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। এই বিরোধের প্রেক্ষিতে পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সিকদার ফিরোজ আহমেদ বাদী হয়ে হাসিব সিকদার গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন (এমপি কেস নং- ১৩২/২০২৫)।
​আদালতের আদেশ :
বিরোধীয় জমির সরেজমিন তদন্ত শেষে আদালত গত ০৭/১০/২০২৫ তারিখে এক আদেশে জানায়, “বাদীর চলাচলের পথ রেখে বাকি অংশে ভবন নির্মাণ করতে হবে।” আদালত নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই আদেশ কার্যকর করার নির্দেশ প্রদান করেন।
​ভূমি অফিসের তদন্ত প্রতিবেদন :
নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে পাঠানো তদন্ত প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে যে, বিবাদী পক্ষ ঘর নির্মাণ করলে বাদীর যাতায়াতের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ইতঃপূর্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাবেক ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি সমঝোতা হলেও বিবাদী পক্ষ তা উপেক্ষা করে পুনরায় বাদীর চলাচলের পথে পিলার স্থাপন করেছেন। প্রতিবেদনে জানানো হয়, বিবাদী পক্ষ কর্তৃক ভবনের নির্মাণ কাজ পুনরায় শুরু হলে শান্তি-শৃঙ্খলার বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।
​হামলা ও জিডির বিবরণ :
নাজিরপুর থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি (জিডি নং ৩১০) সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাতে বিবাদী হাসিব সিকদার ও অজ্ঞাতনামা ২/৩ জন ভাড়াটে লোকজন নিয়ে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে নির্মাণ কাজ শুরু করেন। পরদিন ৬ সেপ্টেম্বর সকালে ফিরোজ আহমেদ এর প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে বিবাদীরা তার ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি ভাবে কিল-ঘুসি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। এসময় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করা হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
​বর্তমান অবস্থা :
ভুক্তভোগী ফিরোজ আহমেদ বলেন, “আদালতের আদেশ এবং ইউনিয়ন ভূমি অফিসের তদন্ত প্রতিবেদন আমাদের পক্ষে থাকা সত্ত্বেও বিবাদীরা গায়ের জোরে আমার বাড়ির ঢোকার পথ বন্ধ করে দিচ্ছে। আমি বাধা দিতে গেলে আমাকে মারধর করা হয়। আমি এখন পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
​এমতাবস্থায়, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদী পক্ষ প্রভাবশালী হওয়ায় ক্ষমতার দাপটে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ এবং আদালতের আদেশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।