
এস, এম আজাহার হোসেন, মাদারীপুর জেলা ব্যুরো চিফ :

ভোরের আলো দেখার আগেই জীবিকার তাগিদে ৫ নারী মিলে বেড়িয়ে পড়তেন কাজের খোঁজে। নিহতদের আয়ের টাকায় চলতো তাদের সংসার। টাকা উপার্জন করে বাড়িতে ফিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে লাশ হয়ে ফিরলো বাড়িতে।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তাপুর, ঘটকচর ও মিল গেটের মাঝামাঝি স্থানে এই ভয়াবহ দুর্ঘটনায় ৭ জন নিহত ও আহত- ১০ জন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫ জনই নারী দিনমজুর ্্্্্্। এই পাঁচ নারী দিনমজুরের বাড়ি গোপালগঞ্জ।
মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এসময় ইজিবাইকটিসহ ওই বাসটি মহাসড়কের পাশের ডোবার মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। পরে একে একে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। একই সঙ্গে আহত হয় আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া এক ইজিবাইক যাত্রীকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে প্রায় ১০ কিলোমিটারে পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রী ও চালকরা। পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় ৪ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন, মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুনশি (৫০)। তিনি সার্বিক পরিবহন বাসের সুপার ভাইজার ছিলেন। সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জসিম ব্যাপারীর ছেলে সাগর ব্যাপারী (২২)। তিনি ইজিবাইক চালক ছিলেন। এছাড়া নিহত দিনমজুররা হলেন, গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ভাঙ্গারহাট পাইকেরপাড়া গ্রামের রনজিৎ বাড়ইয়ের স্ত্রী শেলী বাড়ৈ (৪২), একই গ্রামের সাগর বালার মেয়ে কামনা বিশ্বাস (৪১), পলাশ বাড়ইয়ের মেয়ে দুলালী বাড়ৈ (৪৫), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৫০) ও জয়ন্ত বাড়ৈর স্ত্রী অনিতা বাড়ৈ (৪০)।
মাদারীপুরের মোস্তফা পুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশীদ জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় আসলে সামনে থাকা একটি ইজিবাইককে চাপ দেয়। ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। রেকার দিয়ে বাসটি পাড়ে তোলা হয়েছে। পানির মধ্যে থাকা ইজিবা ইকটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।