
নিজস্ব প্রতিবেদক, শৈলেন্দ্রনাথ মজুমদার :

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহম্মদ মাহফুজুর রহমান বলেন, বোরো ধানের ক্ষেতে ইদুর মারার জন্য বাড়ির পাশ দিয়ে টাঙ্গানোর তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়ে রাহেলা বেগম (৫০) ও তার এক বছর বয়সের পোতা (ছেলের ছেলে) সাইফান। এতে ঘটনাস্থলেই নিহত হন রাহেলা। তাদেরকে উদ্ধার করতে গিয়ে সেখানে বিদ্যুতায়িত হয়ে নিহত হন প্রতিবেশী ইরান সিকদার (৫৫)। তিনি আরো জানান, এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
এ ঘটনায় গুরুতর আহত হয় শিশু সাইফান। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফানকে মৃত ঘোষণা করেন।
নিহত রাহেলা বেগম তেতুলিয়া গ্রামের মোশারফ সিকদারের স্ত্রী, ইরান একই গ্রামের হানিফ সিকদারের ছেলে এবং সাইফান সজিব সিকদারের ছেলে।