বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা করতে বাধ্যকারী কোটালীপাড়ার সঙ্গীতা ও তার পরিবারের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

এ জেড আমিনুজ্জামান রিপন :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ বৈরাগীর আত্মহত্যা করতে বাধ্যকারী কোটালীপাড়ার সঙ্গীতা ও তার পরিবারের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বেলতলীর শুভ বৈরাগীর ভালোবাসার মানুষ, কোটালীপাড়ার সংগীতার জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করতে গেলে, সংগীতার পরিবারের লোকজন শুভ বৈরাগীকে আটকে রেখে নানা রকম নির্যাতন করে। সমাজের সামনে তাকে চোর বানিয়ে মাথা নেড়ে করে অপমান করে। সংগীতার পরিবারের সকল অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। ফেইসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, সংগীতার ইচ্ছাই পূরণ করতেই শুভর কোটালীপাড়া যাওয়া।
শুভ বৈরাগীর এই আত্মহত্যার পেছনে যারা দায়ী, তাদের বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধসহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন। এসময় তারা ৪ দফা দাবিও পেষ করেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী শুভ বৈরাগীকে মানহানির ও অমানবিক শারীরিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যা করতে বাধ্য করা হয়। তার ফেইসবুক পোস্ট-এর মাধ্যমে আমরা জানতে পারি যে, শুভ বৈরাগী গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের সূত্রে প্রেমিকা সংগীতার সম্মতিতেই তার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য তার সাথে দেখা করতে যায়। তৎপরবর্তী সময়ে সংগীতার পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে অমানবিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে রক্তাক্ত করে। যার ক্ষতচিহ্ন তার ফেইসবুক পোস্টের একটি ছবিতে, এমনকি ডেথ বডির উপরেও স্পষ্ট ছিলো। এছাড়াও তার মাথার চুল ফেলে দিয়ে ন্যাড়া করে করে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়। ভিডিওতে তাকে বলতে বাধ্য করা হয় যে, আমি চুরি করেছি। চুরি করার ফলে তারা আমাকে মারধর করেছে।” এর ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এর প্রেক্ষিতে গত ১ জানুয়ারিতে ফেইসবুক পোস্টের মাধ্যমে সে তার আত্মঘাতী সিদ্ধান্তের কথা জানায় এবং গলায় দড়ি দেওয়ার মাধ্যমে আত্মহনন করে। এছাড়াও অভিযুক্তদের নাম ও মোবাইল নাম্বার প্রকাশ করেছেন। ফেইসবুক পোস্ট প্রকাশ পাওয়ার সাথে সাথেই তার সহপাঠীরা বিভিন্ন মাধ্যমে তার খোঁজ নেয়ার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। এর পরে গত ৪ জানুয়ারি আমরা তার মৃত্যুর সংবাদ পাই। যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল (৪ জানুয়ারি) গোপালগঞ্জে যায়। দুঃখের বিষয়, শুভ বৈরাগীর বাবা-মা ও নিজ পরিবারের কেউ না থাকার কারণে পুলিশ তার এ বিষয়টিকে অবহেলার সাথে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। এমনকি শুভ বৈরাগীর দুলাভাইকে কোনো প্রকার মামলায় না জড়ানোর জন্যও পুলিশ কর্তৃক বলা হয়। মামলা করলে ঝামেলা হবে বলে ভয় দেখায়। আমরা যাওয়ার পরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ও গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারকে বিষয়টি সম্পর্কে অবগত করে গুরুত্বের সাথে দেখার জন্য বলি ও আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার জন্য দাবি জানাই। তারা আমাদেরকে আশ্বস্ত করে মামলা দায়ের করতে বলে। তাদের কথামতো মামলা দায়ের করার পরেও এখন পর্যন্ত আমরা কোনো আশানুরূপ ফলাফল পাইনি।
শুভ বৈরাগীর ফেইসবুক পোস্টের বিবৃতি এবং প্রমাণ অনুযায়ী এটি একটি সিস্টেম্যাটিক, পরিকল্পিত এবং পৈশাচিক হত্যা।
শুভ বৈরাগী তার ফেইসবুক পোস্টে বলেছেন,-
“সর্বোপরি, এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থার প্রতি আমি তীব্র নিন্দা জানাই। তারে ছাড়া আমি বাঁচতে পারবো না, আর তারা আমাকে বাঁচতে দিলো না। যদি বাংলাদেশের আইনে আত্মহত্যায় বাধ্য করার জন্য কোনো শাস্তি থেকে থাকে, তো তাদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। অন্য কেউ এভাবে যেন কারো জীবন ধ্বংস না করতে পারে।”
শুভ বৈরাগী কেবল বাংলা বিভাগের নয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুভ বৈরাগীর হত্যাকান্ডে জড়িতদের আইন ও বিচারের আওতায় আনার জন্য আমাদের নিম্নোক্ত দাবিগুলো জানাচ্ছি।
১। দ্রুততম সময়ের মধ্যে আসামিদেরকে আইন ও বিচারের আওতায় আনতে হবে।
২। দ্রুত বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বাধ্যতামূলকভাবে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৩। প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিলেও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এর জন্য তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায় না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি, আগামী এক মাসের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতেনতার জন্য একজন স্থায়ী মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে।
৪। সর্বোপরি, আমাদের উক্ত দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে এবং এর পক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনোরকম কার্যকরী পদক্ষেপ না দেখলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে যেতে বাধ্য হব।