পরিবর্তন ও অধিকারের লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ, গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম (ভুলু মিয়া)।

নিজস্ব প্রতিবেদক, শেখ ফরিদ আহমেদ :

পরিবর্তন ও অধিকারের লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ, গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম (ভুলু মিয়া)।
আসন্ন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠাতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানি) আসনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে নতুন উত্তেজনা। পরিবর্তনের বার্তা নিয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এম. আনিসুল ইসলাম (ভুলু মিয়া)। তিনিই এই আসন থেকে প্রথম ব্যক্তি, যিনি আনুষ্ঠানিকভাবে লড়াইয়ের প্রস্তুতি শুরু করলেন।
জনগণের অধিকার ফেরাতে ভোটের ময়দানে
গতকাল সোমবার দুপুরের আগে বিপুলসংখ্যক কর্মী ও সমর্থকের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জনপ্রিয় এই স্বতন্ত্র প্রার্থী। মনোনয়ন সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় আনিসুল ইসলাম (ভুলু মিয়া) বলেন, তার এই নির্বাচনের মূল লক্ষ্য জনগণের হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধার এবং তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা।
আনিসুল ইসলাম (ভুলু মিয়া) বলেন, “মানুষ অধিকার হারিয়ে ফেলেছে। এই নির্বাচনের মাধ্যমে মানুষ সেই অধিকার ফিরে পেতে চায়। সে জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরী। আমি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই। গরীব, দুঃখী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখতে চাই। গোপালগঞ্জ-১ আসনের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন করাই আমার প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তবে আমি তাদের প্রতিটি প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব।”
মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক যুগ্ম সচিব মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান এবং জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠাতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহকারী হিসেবে আনিসুল ইসলামের আগমন স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল।