
শিহাব উদ্দিন, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদসহ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা। ব্যাপারটি শুধু হত্যাকাণ্ডই না, এটা গোটা সাংবাদিকতা পেশার ওপর এক ভয়ংকর আঘাত হেনেছে বলে তারা জানান।
গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে গাজীপুর সদর উপজেলার সন্ত্রাসীরা একজন নারীকে কেন্দ্র করে পুরুষের উপর হামলা দৃশ্য ক্যামেরাবন্দি করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে কুপিয়ে নির্মমভাবে খুন করে দৈনিক প্রতিদিনের কাগজে স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন। একই সাথে হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো-এর সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ, যিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি,এ জেড আমিনুজ্জামান রিপন ও সাধারণ সম্পাদক, ইরান যৌথ বিবৃতিতে বলেন, “সত্য বলার অপরাধে আজ সাংবাদিকদের কলম রক্তে রঞ্জিত হচ্ছে”। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা করেনি হত্যা করেছে গণমাধ্যমকে। মুখে আঘাত মত প্রকাশের স্বাধীনতাকে রক্তাক্ত করেছে, গণতন্ত্রকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এই দেশের মাটিতে যদি সত্য বলার কারণে একজন সাংবাদিককে জীবন দিতে হয় তাহলে এর দায়ভার কার। সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। যারা এই নৃশংস হত্যাকাণ্ড ও হামলায় জড়িত, তাদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির রায় কার্যকর করতে হবে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনটি তিন দফা দাবি জানিয়েছে
১. সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। নিহতের পরিবারকে অবশ্যই উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
২. সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিশেষ আইন প্রণয়ন এবং জাতীয় পর্যায়ে সাংবাদিক সুরক্ষা কাঠামো গঠন করতে হবে।
৩. সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, গোপালগঞ্জ জেলা শাখা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের গণমাধ্যম স্বাধীনতা চরমভাবে বাধাগ্রস্ত হবে এবং এর প্রভাব সরাসরি পড়বে গণতন্ত্রের ভিত্তির ওপর। বিবৃতিতে আরও বলা হয়, “গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা কোনো দয়ার দান নয় এটি মানুষের অধিকার। আর এই অধিকারের জন্য যারা কলম ধরেন, তাদের রক্তে যদি রাষ্ট্রের মাটি রঞ্জিত হয়, তবে তা শুধু তাই ঘৃণার নয়, বরং রাষ্ট্র পরিচালনা ব্যবস্থার এক চরম ব্যর্থতা। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অবিলম্বে কঠোর ব্যবস্থার কার্যকর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখতে চাই।