কোটালীপাড়ায় মামলা তুলে নিতে সংখ্যালঘু পরিবারকে হুমকি, তথ্যসংগ্রহকারী সাংবাদিকদের উপর হামলা। 

হেমন্ত বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক :

কোটালীপাড়ায় মামলা তুলে নিতে সংখ্যালঘু পরিবারকে হুমকি, জানতে চাইলে সাংবাদিকদের উপর হামলা। 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছিনতাই মামলা তুলে নিতে বাড়িতে গিয়ে সংখ্যালঘু বাদীর পরিবারকে হুমকি প্রদর্শন করেছে আসামী এবং আসামীর ভাই । সাংবাদিকদের নজরে আসার পর তথ্য সংগ্রহ করতে গেলে তাদের উপরও আক্রমণ হত্যার হুমকি দেয় আসামিগণ।
গত বুধবার (২৩ জুলাই)সন্ধ্যায় উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই সংখ্যালঘু হিন্দু পরিবারটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ছিনতাই মামলার বাদীর মা প্রমীলা চৌধুরী বলেন, কিছুদিন আগে আমার ছেলে অশোক চৌধুরী ওয়াবদারহাট বাজার থেকে বাড়ি আসার সময় চিত্রাপাড়া গ্রামের পারভেজ ফকির,সাইদুল ইসলামসহ অন্যান্য আসামীরা মিলে আমার ছেলেকে আটক করে তাকে মারপিট করে তার সাথে থাকা একটা মোটরসাইকেল দুইটা মোবাইল ফোন নগদ ৩০ হাজার টাকা ও তিনটা সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেয়। তারপর আমার ছেলে গোপালগঞ্জ কোর্টে একটি মামলা করেন। এ মামলার করার কারণে আসামীরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধ্যায় আসামী পারভেজ ফকিরের ভাই মাহাবুল ফকির ও সাইদুল ইসলাম আমাদের বাড়িতে এসে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে চাপ দেন এবং অকথ্য ভাষায় আমাদের গালিগালাজ করে আমাকে বস্তায় ভরে পরাবেন এবং আমার ছেলেদেরকে ওয়াবদারহাট বাজারে গেলে দেখে নেওয়ার হুমকি দেন।
প্রমীলা চৌধুরী আরও বলেন, বাবা আমরা এখন কি করবো আমরা হিন্দু মানুষ সংখ্যায় কম ছেলে মেয়ে নিয়ে ভয়ে আছি।
বাদীর ভাইয়ের বউ অনিতা চৌধুরী বলেন, কিছুদিন আগে আমার দেবর অশোককে কিছুলোক ওয়াবদারহাট বাজার থেকে আসার পথে আটকে রেখে তাকে মারপিট করে মালামাল ছিনতাই করে। এ ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যায় চিত্রাপাড়া গ্রামের বিবাদীগণ মাহাবুল ফকির ও সাইদুল ইসলাম আমাদের বাড়িতে এসে আমাকে এবং আমার শাশুড়িকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় আমরা প্রতিবাদ করলে তারা আমাদেরকে চেয়ার দিয়ে বাড়ি মারার চেষ্টা করেন এবং আমার স্বামী ও দেবর ওয়াবদারহাট বাজারে গেলে তাদেরকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। আমাদের এখন আতঙ্কে দিন রাত পার হচ্ছে।
মামলার বাদী অশোক চৌধুরী বলেন, আমি গত ৩ জুলাই ওয়াবদারহাট বাজার থেকে কাজ শেষে বাড়িতে ফেরার পথে ৬ জন লোক আমার গতিরোধ করে আমাকে মাহিয়া ফিলিং স্টেশন নিয়ে আটক করে মারপিট করে আমার কাছ থেকে আমার একটি মোটরসাইকেল দুইটি মোবাইল ফোন নগদ ৩০ হাজার টাকা ও তিনটি নন-জুডিশিয়াল সাদা স্টাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেয়। এঘটনায় আমি বাদী হয়ে কে এম হুমায়ুন রসিদ হিমু, নুর ইসলাম ফকির, পারভেজ ফকির, পিয়াস খান ও সাইদুল ইসলামকে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কোটালীপাড়া গোপালগঞ্জ একটি ছিনতাই মামলা করেছি। এ মামলা করার কারণে গত বুধবার সন্ধ্যায় আসামী সাইদুল ইসলাম এবং আসামী পারভেজ ফকিরের ভাই মাহাবুল ফকির আমাদের বাড়িতে এসে আমার মা বাবাকে এবং আমার অন্যান্য পরিবারের সদস্যদেরকে হুমকি দেয়।
এ বিষয়ে হুমকিদাতা মাহাবুল ফকিরের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিককেও দেখে নেওয়ার হুমকি দেয়। এছাড়াও শুক্রবার রাতে কোটালিপাড়া উপজেলার সাংবাদিক কামরুল হাসানকে ওয়াবদারহাট বাজার মসজিদ থেকে এশার নামাজ পরে বাড়ি ফেরার সময় নিউজ না করার জন্য বললে সাংবাদিক নিউজ করবে বলে জানালে তার উপর আক্রমণ করে খুন জখমের হুমকি দেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।