
মো. শিহাব উদ্দিন (ক্রাইম নিউজ) প্রতিবেদক :

“মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবেন না, নীল পোলো শার্ট পরা সাংবাদিকের পরিচয় স্পষ্ট করুন”
গত ১৬ জুলাই বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা উপলক্ষ্যে গোপালগঞ্জ পৌর পার্ক এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পেশাদার সাংবাদিক এ জেড আমিনুজ্জামান রিপন। সমাবেশ স্থলে দায়িত্ব পালনকালীন তিনি কিছুটা ক্লান্ত হয়ে একটি চেয়ারে বসেন। এ সময় বিভিন্ন মিডিয়ায় ধারণকৃত ভিডিও ও স্থিরচিত্রে তার উপস্থিতি স্বাভাবিকভাবেই উঠে আসে।
পরবর্তীতে কিছু উদ্দেশ্য প্রণোদিত ও অপপ্রচারকারী চক্র সেই ছবি ও ভিডিওকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াতে শুরু করে। তারা নীল পোলো শার্ট পরিহিত এই সাংবাদিককে নিয়ে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে বিশৃঙ্খলা তৈরি করতে নানা মন্তব্য ও গল্প প্রচার করছে, যা জনমনে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে।
প্রকৃতপক্ষে, এ জেড আমিনুজ্জামান রিপন একজন পেশাদার সাংবাদিক। তিনি—বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি,প্রেসক্লাব গোপালগঞ্জের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক,
দৈনিক ভোরের বানীর চিফ রিপোর্টার, জনপ্রিয় ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগত-এর সিনিয়র ক্রাইম রিপোর্টার, এবং অনলাইন পোর্টাল ক্রাইম নিউজ-এর সম্পাদক ও প্রকাশক।
একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপবাদ দেওয়ার এ ধরনের অপচেষ্টা কখনোই কাম্য নয়।
এ কারণে সংশ্লিষ্ট সকল ফেসবুক ব্যবহারকারীকে অনুরোধ করা হচ্ছে— বিভ্রান্তিকর ও মিথ্যা পোস্ট এবং মন্তব্য দ্রুত প্রত্যাহার করুন,
সত্য যাচাই না করে অপপ্রচার চালানো থেকে বিরত থাকুন।
অন্যথায়, এই ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত আইনের আওতায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট মহল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সেই সাথে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তারা।