
মো: আল মাসুম খান,খুলনা বিভাগ ব্যুরো চিফ :

খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুবুর রহমান হত্যায় জড়িতদের শনাক্তের দাবি করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে আলোচিত এই হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করেছে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। ইতোমধ্যে সজল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার আগে বাড়ির সামনের দোকানি সজল মোবাইল ফোনে মাহবুবের অবস্থান বারবার জানিয়ে দেন খুনিদের। তদন্তে উঠে এসেছে, নতুন করে মাথাচাড়া দেওয়া চরমপন্থি একটি গ্রুপ এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, কিছু তথ্য প্রমাণ আমরা প্রাথমিক ভাবে পেয়েছি, তবে তদন্তের স্বার্থে সব কিছু এখনই বলা যাচ্ছে না। এ হত্যাকাণ্ডে একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনজন খুনি একটি মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে তেলিগাতি এলাকা দিয়ে পালিয়ে যায়। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক সূত্র জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর মাহবুবের প্রভাব বেড়ে যায়। খবরে প্রকাশ, খুলনা বিএনপির এক শীর্ষ নেতা ওই সময় মাহবুবের বাড়িতে আত্মগোপন করেছিলেন। এই ঘনিষ্ঠতা থেকেই মাহবুব স্থানীয় যুবদল নেতাদের উপেক্ষা করতেন। এছাড়া জমি বিক্রির সিন্ডিকেট ও মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং চরমপন্থি গ্রুপের সঙ্গে জটিলতার কারণে তিনি একাধিক সন্ত্রাসী গ্রুপের টার্গেটে পরিণত হন। জনশ্রুতি অনুযায়ী, মাহবুব সম্প্রতি স্থানীয় যুবলীগ নেতা জাহিদের কাছ থেকে একটি গাড়ি দখলে নেন। যদিও তার চাচাতো ভাই আশরাফুল দাবি করেন, গাড়িটি বন্ধক রাখা হয়েছিল।
নিহত মাহবুবুর রহমান দৌলতপুরের পশ্চিম মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা। গত শুক্রবার দুপুরে বাসার সামনে নিজেই গাড়ি পরিষ্কার করছিলেন, তখন একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাকে গুলি করে ও দুই পায়ের রগ কেটে হত্যা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলোচিত এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব, পুরোনো শত্রুতা ও আধিপত্যের লড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তদন্তে উঠে আসছে।
মাহবুবের স্ত্রী এরিনা সুলতানা বলেন, কুয়েটের ঘটনায় সে (মাহবুব) দলের নির্দেশেই গিয়েছিল। সুধী সমাবেশে জাকির মামলা করায় মাহবুব হুমকি পেতে শুরু করে, তবে সে কখনো হুমকি দাতাদের নাম বলেনি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
শ্বশুর আজাদ বেগ বাবু বলেন, কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল-ছাত্রশিবির সংঘাতে মাহবুব জড়িয়ে ছিল, যেটি হত্যার কারণ হতে পারে। দলীয় অফিস ভাঙচুরের মামলার বাদী হওয়ায়ও মাহবুব ছিল প্রতিপক্ষের নজরে। নিয়মিত হুমকি দেওয়া হতো।
এর আগে তারা কুয়েট এলাকায় আরিফকে হত্যা করে, দিলীপ মাস্টারকে গুলি করে, এবং খানাবাড়িতে বাড়ির মালিকানা নিয়ে সংঘাতে জড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর এলাকায় আত্মগোপনে থাকা চরমপন্থি নেতারা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। কাউন্সিলর গোলাম রব্বানী টিপু ও চরমপন্থি নেতা বড় শাহীন হত্যাকাণ্ডের পর এলাকা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একটি গ্রুপে ছিলেন হুমায়ুন কবির (হুমা), কাজী রায়হান, আসিফ মোল্লা, ইমন হাওলাদার এবং অন্যটিতে ছিলেন হোসেন ঢালি ও মাহবুবের খালাতো ভাই আরমান। হুমা গ্রুপ সম্প্রতি বাগেরহাটে কিলিং মিশনে গিয়ে ধরা পড়ে তাদের কেউ কারাগারে, কেউ জামিনে। অন্য দিকে আরমানও গ্রেপ্তার হয়ে কারাগার
মাহবুবের পরিবার সাংবাদিকদের জানায়, হুমা গ্রুপ মনে করত মাহবুব তাদের পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। অথচ মাহবুব বারবার বলতেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। স্ত্রী এরিনা বলেন, মাহবুব আমাকে জানিয়েছিল, ওদের গ্রেপ্তারের পেছনে ওর হাত নেই। কিন্তু ওরা শুনল না।
তাঁতী দলের স্থানীয় এক নেতা সাংবাদিকদের বলেন, আমি মামলার বাদী হওয়ায় প্রথমে আমাকে হত্যার চেষ্টা করা হয়। আমাকে অস্ত্র ঠেকিয়ে হুমকি দিয়েছে। হুমা গ্রুপ কারাগার থেকে মাহবুবকে হত্যার পরিকল্পনা করেছিল।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যের কারণগুলোর ওপর ভিত্তি করে তদন্ত চলছে। আমরা সজলকে গ্রেপ্তার করেছি। সে মাহবুবের অবস্থান খুনিদের জানিয়েছিল। কোন গ্রুপ এই হত্যায় জড়িত, তা আমরা শনাক্ত করতে পেরেছি। খুব শিগগিরই হত্যাকারীদের গ্রেপ্তার ও রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে আমরা আশা করছি।