
মো: আল মাসুম খান,খুলনা বিভাগ ব্যুরো চিফ:
দেশের সব দেশপ্রেমিক শক্তি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সব পদ্ধতিরই কিছু নেতিবাচক দিক থাকলেও, পিআর পদ্ধতিতে জনগণের ভোটের যথার্থ মূল্যায়ন হয়। তাই এই পদ্ধতি রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক উন্নয়নের পথ উন্মুক্ত করতে পারে।
শনিবার ১২ জুলাই, রাজধানীর পল্টনে একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের পদ্ধতি শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বৈঠকে নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মাননা বলেন, পিআর নিয়ে আমাদের ধারণা সীমিত। আমরা এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসিনি। তবে আমরা প্রস্তাব করছি, উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং নিম্নকক্ষে প্রচলিত পদ্ধতি বহাল রাখা যেতে পারে।
খেলাফত মজলিসের মহাসচিব অধ্যক্ষ ড. আহমদ আব্দুল কাদের বলেন, আগামী ৫০ বছরের মধ্যে বিশ্বের বেশিরভাগ দেশ এই পদ্ধতির দিকেই যাবে। এটি জনমতের প্রকৃত প্রতিফলন নিশ্চিত করে। আপাতত উচ্চকক্ষে নতুন পদ্ধতি এবং নিম্নকক্ষে মিশ্র পদ্ধতি চালুর পক্ষে আমরা একমত।
সভাপতির বক্তব্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বাংলাদেশের বাস্তবতায় জুলাইয়ের চেতনা, আকাঙ্ক্ষা ও স্বপ্ন রক্ষায় পিআর পদ্ধতিই একমাত্র সমাধান। এটি মাদার অব অল রিফর্ম। পিআরের মাধ্যমে আমরা স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করতে পারবো, আর কোনো একক দলের হাতে রাষ্ট্র জিম্মি থাকবে না। সকল ভোটের মূল্যায়ন সমান হবে এবং রাষ্ট্র পরিচালনায় সকলের মতামতের প্রতিফলন ঘটবে।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, অ্যাডভোকেট শিশির মনির, খেলাফত আন্দোলনের মাওলানা মুজিবুর রহমান হামিদীসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা এবং দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা