
মো: আল মাসুম খান, ক্রাইম নিউজ প্রতিবেদক :

কেউ যদি ফ্যাসিবাদের মতো আরেকটি নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব- এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
৪ জুলাই, শুক্রবার বিকাল ৩টায় রংপুর মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে জেলা হাইস্কুল মাঠে এক বিশাল জনসভায় তিনি এই বক্তব্য দেন। মহানগর আমীর মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, নূরুল ইসলাম বুলবুল, মো: সেলিম উদ্দিন, মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এবং অধ্যাপক গোলাম রব্বানী। সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নির্বাচন নিয়ে নিজের বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটাধিকার রক্ষায় কেয়ারটেকার সরকারের প্রস্তাব প্রথম জাতির সামনে উপস্থাপন করেছিল জামায়াত। কিন্তু সেই ব্যবস্থা বাতিল করে দেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, কেউ যেন প্রশাসনিক ক্যু করতে না পারে, কেউ যেন মস্তানতন্ত্র, কালো টাকা কিংবা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করতে না পারে, সেজন্য জাতিকে সচেতন থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলবে ইনশাআল্লাহ।
আবু সাঈদ-মুগ্ধদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আজ আমরা মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে কথা বলতে পারছি—বলে উল্লেখ করেন আমীরে জামায়াত। তিনি বলেন, সেই আন্দোলনের চেতনা থেকে আমরা এক ইঞ্চিও পিছাবো না। শহীদরা আমাদের শিক্ষা দিয়ে গেছেন—কোনো অন্যায়ের কাছে মাথা নত নয়।
সংখ্যালঘুদের প্রসঙ্গে তিনি বলেন, এ দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই। যারা এই ভেদাভেদ সৃষ্টি করেছে, তারাই সংখ্যালঘুদের ক্ষতি করেছে। আমাদের সংবিধান সকল নাগরিককে সমান মর্যাদার অধিকার দিয়েছে—আমরা সেই অধিকার রক্ষা করবো ইনশাআল্লাহ।
মব লিচিং প্রসঙ্গে ডা: শফিকুর রহমান বলেন, মব কালচার নতুন কিছু নয়, ১৯৭২ সাল থেকেই চলছে। কিন্তু আমরা কোনো মবকে সমর্থন করি না। অপরাধী যে-ই হোক, বিচার হবে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী। বিচার বিভাগের মাধ্যমেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
সভায় আবেগঘন বক্তব্য রাখেন এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, আমি প্রস্তুত ছিলাম ফাঁসির জন্য, আল্লাহর কৃপায় আজ জনতার ভালোবাসায় ফিরে এসেছি। আমি কারও প্রতি ক্ষুব্ধ নই। বরং যাদের কারণে শহীদ আবু সাঈদের রক্ত ঝরেছে, তাদের বিচার চাই। তিনি বলেন, আমার মুক্তির মাধ্যমে প্রমাণ হয়েছে—আমি এবং আমার সংগঠন নির্দোষ। জামায়াতের বিরুদ্ধে সকল অপপ্রচার ব্যর্থ হয়েছে।
সভায় অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ফ্যাসিবাদের পতন ঘটেছে। কিন্তু ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যেতে হবে।
সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। ইসলামী শক্তির ঐক্য ধরে রেখে নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন, প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন, ত্রিশ হাজার আহত ও পঙ্গু হয়েছেন। তাদের স্বপ্ন বাস্তবায়নে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গত দেড় দশক ইসলামকে বাদ দিয়ে ভারতীয় মডেলে দেশ চালানো হয়েছে। বিদেশি স্বার্থরক্ষা করতে গিয়েই ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল। এ অবস্থার পরিবর্তন ঘটিয়ে জামায়াতের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে।
সভায় বক্তারা শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং মানবতাবিরোধী অপরাধের নামে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের সবার পূর্ণাঙ্গ বিচার দাবি করেন।