খুলনায় গুলিবিদ্ধ হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা।

মো: আল মাসুম খান, বিভাগীয় ব্যুরো,খুলনা :

খুলনায় গুলিবিদ্ধ হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা।
খুলনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এস এম সাজিদ হাসান সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। এম সাজিদ হাসান পেটে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। সে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গতকাল রোববার ১৫ জুন রাত ৯ টার দিকে নগরীর ময়লাপোতা মোড় সংলগ্ন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। একই সময়ে খুলনা মহানগরীর ময়লাপোতা সোনাপোতা স্কুলের বিপরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন নয়ন শেখ (২২) নামের এক যুবক।
পথচারীরা আহত দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সন্ত্রাসীদের গুলিতে আহত এসএম সাজিদ হাসান নগরীর বাগমারা চেয়ারম্যান বাড়ি মোড়ের বাসিন্দা এস এম জাহিদ আলির ছেলে এবং আহত নয়ন লবণচরা থানাধীন হরিণটানা কাঁচাবাজার সংলগ্ন মকবুল শেখ মিঠুনের ছেলে
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে, সাজিদ বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসী ধরতে সহায়তা করতেন। এ কারণে বি কোম্পানির (গ্রেনেড বাবু গ্রুপ) সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, গুলিবিদ্ধ জাহিদ হাসান রিকশাযোগে শিববাড়ি মোড় থেকে বাগমারা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের পেছন থেকে অনুসরণ করতে থাকে। তাকে বহনকারী রিকশাটি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সামনে রূপসা অটোমোবাইল মাইক্রো গ্যারেজের সামনে আসামাত্র জাহিদ হাসান বিষয়টি আঁচ করতে পেরে রিকশা থেকে নেমে আত্মরক্ষার জন্য দৌড় দেয়। কিন্তু মোটরসাইকেলে থাকা ওই দু’জনের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি জাহিদেরে বাম কোমরে এবং অপরটি ডান পায়ের হাটুর উপরে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন তিনি।
অপরদিকে খুলনা সদর থানাধীন ময়লাপোতা এলাকার সোনাপোতা স্কুলের সামনে নয়ন শেখকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ধারালো অস্ত্রদিয়ে তার সমস্ত শরীর কুপিয়ে জখম করে।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম গণমাধ্যমে সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার ব্যাপারে কেউ কোন কথা বলতে রাজি হননি। তবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তিনি আরও বলেন অপরাধী যেই হোক না কেন তারা আইনের ঊর্ধ্বে নয়। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।