জাতি যখন দিশাহারা, তখনই দৃঢ়তা নিয়ে আবির্ভূত হন জিয়াউর রহমান -আজিজুল বারী হেলাল।

মো: আল মাসুম খান,খুলনা বিভাগীয় ব্যুরো চিফ:

জাতি যখন দিশাহারা, তখনই দৃঢ়তা নিয়ে আবির্ভূত হন জিয়াউর রহমান -আজিজুল বারী হেলাল।
বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, মহান স্বাধীনতার পর জাতি যখন চরম হতাশায় নিমজ্জিত, নেতৃত্ব যখন দিশাহীন ঠিক সেই সময়েই আবির্ভাব ঘটে জিয়াউর রহমানের। তাঁর নেতৃত্বে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে যায়। বাংলাদেশের জনগণ এখন নতুন করে নিজেদের আত্মপরিচয় খুঁজে পেতে শুরু করে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিত্ব ছিল শক্তিশালী, ভাবনায় ছিল স্বচ্ছতা আর চিন্তায় ছিল দেশপ্রেম। সততা, কর্তব্যনিষ্ঠা এবং ত্যাগের যে উদাহরণ তিনি রেখেছেন, তা আজও কোটি মানুষকে আলোড়িত করে। একজন সৈনিকের মতো দৃঢ়চেতা মন নিয়ে তিনি আত্মনিয়োগ করেন দেশ গঠনের কাজে।
গতকাল শুক্রবার ৩০ মে সকাল সাড়ে ১০টায় খুলনা মহানগরের প্রাণকেন্দ্র কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃ প্রবর্তক জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপি ৫ দিনের কর্মসূচির তৃতীয় দিনে বিশেষ দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ রাতে ইতিহাসের বাঁক-বদলের সময় মেজর জিয়াউর রহমান কণ্ঠে তুলে নেন সেই ঐতিহাসিক ঘোষণা, উই রিভোল্ট। আই মেজর জিয়া, ডিক্লিয়ার দ্য ইন্ডিপেনডেন্স অব বাংলাদেশ শুধু ঘোষণায় থেমে থাকেননি, মুক্তিযুদ্ধে সম্মুখ নেতৃত্ব দিয়েছেন একজন সেক্টর কমান্ডার হিসেবে। স্বাধীনতার পর দেশের পুনর্গঠনে নিজেকে উজাড় করে দিয়েছেন। ক্ষমতা নয়, দেশের কল্যাণ ছিল তাঁর একমাত্র লক্ষ্য। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর যখন জাতি দিশাহারা, ঠিক তখনই দৃঢ়তা নিয়ে আবির্ভূত হন জিয়াউর রহমান। উচ্চাভিলাষী সেনা অফিসার নয়, বরং জাতির প্রয়োজন মেটাতে উদিত হয়েছিলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক মতকে একত্র করে রাষ্ট্র পুনর্গঠনে তাঁর ঐক্যবদ্ধ প্রচেষ্টা আজ ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা বলেন, জাতীয়তাবাদ, উৎপাদনমুখী অর্থনীতি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আত্মমর্যাদায় বলীয়ান একটি জাতি’ এই ছিল তাঁর স্বপ্ন। তিনি বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির চোখরাঙানির বাইরে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে নিয়ে যান। তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে দেশকে বের করে এনে বিশ্ব দরবারে সম্মান জনক অবস্থান নিশ্চিত করেন। আলোচনা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, এ্যাড: মোমরেজুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরি হাসানুর রসিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এ্যাড: শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।