হরিণের চামড়া ও মাথাসহ আটক শিকারিদের কারাগারে প্রেরণ।

মো: আল মাসুম খান(খুলনা বিভাগ)ব্যুরো চিফ :

হরিণের চামড়া ও মাথাসহ আটক শিকারিদের কারাগারে প্রেরণ।

পূর্ব সুন্দরবন থেকে হরিণের চামড়া ও মাথাসহ আটক দুই চোরা শিকারিকে কারাগারে প্রেরণ করেছে বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালত। আজ মঙ্গলবার ২৭ মে দুপুরে বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ আসামিদের সোপর্দ করলে বিচারক বিলাস মন্ডল এই আদেশ দেন। এর আগে বন বিভাগের কোকিলমনি টহলফারির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদিক মাহমুদ বাদী হয়ে এই মামলা করেন এবং আসামিদের আদালতে সোপর্দ করেন।
মামলার আসামিরা হলেন, বাগেরহাটের মোংলার চাঁদপাই এলাকার সুলতান খানের ছেলে মামুন (৩৩) এবং একই এলাকার আক্কাছ শেখের ছেলে আঃ রহিম (২১)। সুন্দরবন পূর্ব বন বিভাগের মামলার সূত্রে থেকে জানা যায়, গতকাল সোমবার ২৬ মে সকালে সুন্দরবনের কোকিলমনি টহল ফাঁড়ি সংলগ্ন অভয়ারণ্য এলাকায় অবৈধ ভাবে প্রবেশ করে কাঁকড়া আহরণ করছিলেন মামুন ও রহিম নামের দুই ব্যক্তি। বনরক্ষীরা ওই দুই ব্যক্তিকে আটক করেন। ঘটনাস্থলে থাকা দুটি নৌকা তল্লাশি করে ৪০ কেজি কাঁকড়া, ২১টি চারু, সোলার প্যানেল জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থলের পাশে একটি গাছে ঝুলানো অবস্থায় রাখা একটি হরিণের চামড়া ও তিনটি শিং ওয়ালা হরিণের মাথা উদ্ধার করা হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণের মাংসগুলো পচে গেছে। চামড়া ও মাথা আমরা জব্দ করেছি। আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, গেল ১৫ দিনে ১০০ কেজি ফাঁদ ও ৫২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। হরিণ শিকার বন্ধে বনবিভাগ টহল জোরদারের পাশাপাশি নানা পদক্ষেপ নিয়েছে। হরিণ শিকারকে নিরুৎসাহিত করতে, আমরা সুন্দরবন কেন্দ্রিক বনজীবিদের প্রণোদনা ব্যবস্থা করেছি। কোন বনজীবী যদি এক কেজি হরিণ শিকারের ফাঁদ ধরিয়ে দিতে পারে তাহলে আমরা তাকে ২ হাজার টাকা প্রণোদনা দিচ্ছি।