
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা এই শ্লোগানে খুলনায় সরকারি, আধা সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনবে দুর্নীতি দমন কমিশন দুদক এর ২জন কমিশনার। সেবা দানকারী প্রতিষ্ঠানের প্রধান ও অভিযোগকারীর উপস্থিতিতে আগামী ২৫ মে সকাল ৯টায় খুলনা মহানগরের শেরেবাংলা রোডে অবস্থিত খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিত করন এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণ শুনানির মূল লক্ষ্য। দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত জেলা কার্যালয় উপ পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের কর্মীদের জানান, গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ খুলনা সদরের সকল সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সম্মুখে উপস্থাপন করবে। সেই লক্ষ্যে খুলনা কেসিসি সুপার মার্কেট চত্বরে, শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে ও বয়রা মহিলা কলেজের মোড়ে তিনটি অভিযোগ সংগ্রহ কেন্দ্রে এবং ৮টি মোবাইল টিম বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে ভুক্ত ভোগী ও হয়রানির শিকার মহানগরবাসীর অভিযোগ গ্রহণে কাজ করছেন। পাশাপাশি সপ্তাহ ব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ কাজও চলছে। গণশুনানি বাস্তবায়নে খুলনা সদরের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী জন প্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত থাকবেন। উপপরিচালক গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার খুলনার সকল নাগরিকদের অভিযোগ কেন্দ্র সমূহ ও মোবাইল টিমের কাছে অভিযোগ দাখিল করে গণশুনানীতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।