
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

গতকাল রোববার ১৮মে বিকেলে খুলনা নগরীর শিববাড়ি (শহিদ মীর মুগ্ধ চত্বর) মোড়ে মহিলা ফোরাম আয়োজিত মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া ১০টির মতো প্রস্তাবনা সরাসরি কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। নারী কমিশনের এই সংস্কার প্রস্তাব প্রমাণ করে, এটা পতিত ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পক্ষের একটি বিশেষ গোষ্ঠীর অ্যাজেন্ডা বাস্তবায়নের দলিল। সুতরাং এ প্রস্তাবনা শুধু বাতিলই নয়, পুরো নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে। মানববন্ধনে উপস্থিত বক্তারা সকল পর্যায়ের বিশেষজ্ঞ ও ধর্মীয় স্কলারদের নিয়ে একটি ইনক্লুসিভ কমিটি গঠন করে ন্যায্যতার ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রণয়নের জোর দাবি জানান। মানব বন্ধন উপস্থিত বক্তারা আরও বলেন সংবিধান বিরোধী নারী কমিশনের বিতর্কিত স্ববিরোধী সুপারিশ বাতিলের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ দাবি জানান। উপস্থিত বক্তারা বলেছেন, নারী সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে রাষ্ট্রের দ্বান্দ্বিক অবস্থান তৈরি করবে। সমাজ বনাম রাষ্ট্র এবং ধর্ম বনাম নারীকে মুখোমুখি দাঁড় করিয়েছে এ কন্ট্রোভার্সিয়াল প্রতিবেদন। কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের পাতায় পাতায় ধর্মকে নারী বৈষম্যের অন্যতম কারণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। দেশের সকল সচেতন নারী সমাজ প্রস্তাবিত এ সুপারিশকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এ জন্য বক্তারা এই প্রস্তাবনা বাতিলের পাশাপাশি পুরো কমিশন বাতিলের জোর দাবি জানান। খুলনা মহিলা ফোরামের আহবায়ক এ্যাডভোকেট সাখিয়া বেগমের সভাপতিত্বে ও সদস্য সচিব ফাতিমা হক লাকির পরিচালনায় বক্তৃতা করেন নারী নেত্রী ডা: রুখসানা সুলতানা, ফাতিমা বেগম, নাজমুন্নেসা, সাইয়েদা নাসরিন সুলতানা রোজী, রেবেকা সুলতানা, সালমা আতিকা, শাহানারা বেগম, নাসরিন জামান, সাহিদা খাতুন প্রমুখ। বক্তারা আরও বলেন, ১৭ টি অধ্যায়ে ৪৩৩ টি সুপারিশ সম্বলিত ৩০০ পৃষ্ঠারও অধিক এ সংস্কার প্রতিবেদন পড়ে মনে হয়েছে যে, নারী সমতা, নারী উন্নয়ন ও নারী ক্ষমতায়নের মুখরোচক শব্দ দিয়ে তারা এদেশের নারী সমাজকে বিভ্রান্ত করতে চায়। নারীদেরকে পুরুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চায়। কমিশনের প্রস্তবনাগুলো জাতিকে চূড়ান্ত বিভাজনের দিকে ঠেলে দেওয়ার সুদূর প্রসারী একটি উদ্যোগ। এই কমিশনে সমাজের সকল শ্রেণি পেশার নারীদের প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তি নিশ্চিত হয়নি।