
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের রহড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। গতকাল রোববার ১৯ মে ব্যারাকপুর মহকুমা আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী ও মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। এর মধ্যে মজনু গাজী ও কামাল শেখ খুলনার মহানগরের দৌলতপুর থানা এলাকায় অপরজন কয়রা উপজেলার বাসিন্দা। তবে মেহেদী হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি। গ্রেফতারকৃতদের ৫ দিন ধরে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। ভারতীয় গণমাধ্যম সূত্রে থেকে জানা যায় প্রথমে রহড়া এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পরবর্তীতে কলকাতার নিউ টাউনের লস্কর পাড়া এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। আটক তিন জনের বিরুদ্ধে বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ১৪ ধারায় মামলা করা হয়েছে। এ মামলায় রোববার তাদের আদালতে পাঠানোর সময় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ভারতীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জানা যায়, তারা তিনজনই বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কামাল শেখ ভারতীয় গণমাধ্যমকে জানান, তিনি খুলনা জেলার কয়রা উপজেলার বেদকাশির ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। বাকি দু’জনও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন পুলিশের কাছে। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারা ৮ আগস্ট সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পরবর্তীতে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে রাজ্যটির ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন রহড়া থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন।