
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ , খুলনা :

খুলনা মহানগরের দৌলতপুরে অগ্নিকাণ্ডে ঘর-বাড়ি পুড়ে মারাত্মক অগ্নিদগ্ধ হয়েছেন নিজে ও প্রতিবন্ধী সন্তান। প্রতিবেশী ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ঘরের আগুন নেভানো সম্ভব হলেও বয়োবৃদ্ধা রাশিদা বেগমের অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে অগ্নিদগ্ধদের সুষ্ঠু চিকিৎসা সেবা, নতুন করে গৃহনির্মাণ ও জীবিকা নির্বাহের যাবতীয় দায়িত্ব ভার কাঁধে তুলে নিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। খুলনা মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা কালিবাড়ীর কার্তিককুলে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বৃদ্ধা রাশিদা বেগমের ও তার প্রতিবন্ধী দুই ছেলে বাদল (৫০) ও মান্নান (৪৫) এর আশ্রয়স্থল আগুন লেগে পুড়ে যায়। পুড়ে যায় বসত ঘর ও আসবাবপত্র। প্রতিবন্ধী এক সন্তানকে নিরাপদে বের করতে পারলেও আরেকজনের মুখ মন্ডল ও শ্বাসনালি দগ্ধ হয়। অসহায় পরিবারটি চিকিৎসা সেবা না পেয়ে সারারাত খোলা আকাশের নিচে কাটিয়েছিলেন। অগ্নি দুর্ঘটনার তথ্য পেয়ে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল
তাৎক্ষণিক ভাবেই তার প্রতিনিধি পাঠিয়ে নিজ অর্থায়নে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন। রোগী দুইজন এখনো শঙ্কামুক্ত নয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন আরও ৪৮ ঘণ্টা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই অসহায় পরিবারের ঘর নির্মাণ করে দিবেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল। তাৎক্ষণিক ভাবে পরিবারের সদস্যদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মিতুল মোড়ল, নারী নেত্রী সালমা বেগম ও মদিনা হাওলাদার প্রমুখ।