
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ , খুলনা :

খুলনার শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কালা তুহিনসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার ৬ মে রাত সাড়ে ৯ টার দিকে তাদের বটিয়াঘাটার চক্রাখালী মোড় এলাকা থেকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তিরা হলেন খুলনার শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিন, আহসান, হাবিব।যৌথ বাহিনীর অভিযানের নেতৃত্বদানকারী বাংলাদেশ সেনাবাহিনীর মেজর দেবাশীষ গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদে জানা যায় বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজার থেকে একটু ভেতরে নির্জন জায়গায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এ সময় পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী মাদক ব্যবসায়ী কালা তুহিন, আহসান এবং হাবিবকে আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে একটি রিভলভার, একটি ওয়ানশুটার গান, ১৭ বোতল বিদেশি মদ, দেড় কেজি গান পাউডার, রাম দা, চাপাতিসহ অনেকগুলো দেশীয় অস্ত্র, দুটি মোটরসাইকেল এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি জানান, তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। যৌথ বাহিনীর হাতে আটককৃতদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর এবং মামলার প্রস্তুতি চলছে।