
মাহাবুব সুলতান (কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি) :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১ নং কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাসের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ইউপি সদস্যরা । কোটালীপাড়া নির্বাহী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ অফিসে অভিযোগ দায়ের করেন ইউনিয়নবাসীর পক্ষে তারা।
অভিযোগে উল্লেখ্য চেয়ারম্যান ২০২৩-২০২৪ ইং অর্থবছরের ভিজিডি কার্ডের ২৫২ বস্তা চাল বিতরণ না করে গোডাউন থেকে বিক্রি করে পুরা টাকা আত্মসাৎ করেন। যাহার বাজার মূল্য ৩ লক্ষ ৭১ হাজার টাকা।
ইউপি সদস্যরা বলেন, আমরা চেয়ারম্যান বিজন বিশ্বাসের কর্মকাণ্ডে তিক্ত হয়ে অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছি। তারা আরো বলেন এতদিন চেয়ারম্যান আমাদের বিভিন্ন সময় ভয়-ভীতি দেখিয়ে আমাদের মুখ বন্ধ করে রেখেছিল, কারণ তিনি আওয়ামী লীগের কোটালীপাড়ার একজন প্রভাবশালী নেতা ।
অভিযোগকারী ইউপি সদস্য কমলেশ ঢালি বলেন, চেয়ারম্যান বিজন বিশ্বাসের বিরুদ্ধে কথা বললে শাস্তি পেতে হবে। কারণ তার হাত নাকি অনেক লম্বা। ইউপি সদস্য পরিতোষ হালদার নিখিল বলেন,চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের না এসে তার ইচ্ছেমতো দু তিনজন সদস্য দিয়ে নিয়ন্ত্রণ করেন পরিষদ। ইউপি সদস্য পরিতোষ মধু বলেন, আমরা এই বিষয় গুলো লিখিত অভিযোগে তুলে ধরেছি এবং আইনের কাছে সঠিক বিচার দাবি করছি।
এ ব্যাপারে ১ নং কলাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান বিজন বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন ভিজিডি কার্ডের মাল উত্তোলনের স্বাক্ষর আমার না।
কোটালীপাড়া নির্বাহী কর্মকর্তা সাগুপ্তা হকের কাছে বিজন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানতে চাইলে, তিনি বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।