
মো: আল মাসুম খান, ব্যুরো চিফ খুলনা :

কারাগারে আটক আসামির সঙ্গে আইনজীবীকে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় যশোর কেন্দ্রীয় কারাগারের জেলারের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন একজন আইনজীবী। গতকাল রোববার এ অভিযোগ দেন আইনজীবী শেখ তাজ হোসেন তাজু। তবে, এ বিষয়ে কারাগার কর্তৃপক্ষ বলেছেন ভিন্ন কথা। তারা বলেছেন, নিয়ম অনুযায়ী আসামীর সাথে ১৫ দিনের মধ্যে সাক্ষাৎ করা যাবে না। অভিযোগে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় কারাগারে আটক আসামি সৌরভ কুমার দাসের তিনি আইনজীবী। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে সৌরভ যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। গত ১৯ এপ্রিল দুপুর ৩টা ২ মিনিটে তিনি জেলারের অফিসিয়াল নম্বরে ফোন করে সাক্ষাৎ করতে চান বলে জানান। এ সময় যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর অ্যাডভোকেট তাজুকে লিখিত একটি আবেদন করার জন্য বলেন। এ সময়ে অ্যাডভোকেট তাজু গেটে গিয়ে পরিচয় দিলে দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীর মাধ্যমে আবেদন করেন। এর কিছুসময় পর কারা অভ্যন্তরে অবস্থানরত কারারক্ষীরা জানান, সাক্ষা এর কোনো ডিউ নেই, তাই সাক্ষাত সম্ভব না। পরবর্তীতে পুনরায় ফোন করলে জেলর একই কথা বলেন। এ বিষয়ে যশোর জজ কোর্টের অ্যাডভোকেট তাজ হোসেন অভিযোগে উল্লেখ করেন, এভাবে সাক্ষাতের অধিকার বাতিল করা বাংলাদেশ সংবিধানের ৩৩(১) অনুচ্ছেদ ও যশোর কেন্দ্রীয় কারাগারের সিটিজেন চার্টারের পরিপন্থি। এ ঘটনায় তিনি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি কারা মহাপরিদর্শক, কারা উপ-মহাপরিদর্শক (খুলনা বিভাগ) এবং সিনিয়র জেল সুপার, যশোর কেন্দ্রীয় কারাগার বরাবর অনুলিপি প্রেরণ করেন। এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর শরিফুল ইসলাম বলেন, জেলকোড অনুযায়ী একজন আসামি স্বজনদের সাথে দেখা করার ১৫ দিনের মধ্যে কারও সাথে দেখা করতে পারবেন না। সম্প্রতি ওই আসামি তার স্বজনের সাথে সাক্ষাত করেছেন। ১৫ দিন পার না হওয়ায় তার ডিউ ছিল না। এজন্য আইনজীবীকে আসামীর সাথে দেখার সুযোগ দেয়া হয়নি। এই প্রতিবেদক গুগলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের কারাগারের জেল কোড পর্যালোচনা করে দেখতে পায় এবং জানতে পারে উন্নত বিশ্বের কোন দেশেই এই ধরনের আইনের কোন বিধান নাই। শুধু আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি ও জামায়াত, হেফাজত, বিরোধী মত আদর্শের নেতা-কর্মীদের কারাগারে আটক থাকা অবস্থায় তাদের আত্মীয়,স্বজন – দলীয় নেতাকর্মী এবং তাদের আইনজীবীদের সাথে সাক্ষাৎ করতে না দেয়ার জন্য এই অমানবিক জেল ব্যবস্থা বাস্তবায়ন করেছিল এবং গণশুনানি ব্যতীত জেল আইনে রূপান্তরিত করেছে।