
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমরা চেয়েছিলাম অন্তবর্তীকালীন সরকার বৈষম্যহীনের উদাহরণ সৃষ্টি করবে। কিন্তু কাউকে মুক্তি দেবে কাউকে মুক্তি দেবে না সরকারের এমন কর্মকাণ্ডে আমরা হতাশ হয়েছি। তিনি বলেন, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। জামায়াতে ইসলামির নিবন্ধন ও প্রতীক ফেরত দিতে হবে। প্রয়োজন মনে করলে জামায়াতে ইসলামি রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে সরকারকে বাধ্য করবে।
আজ শুক্রবার দুপুরে খুলনা মহানগরী জামায়াতে ইসলামির উদ্যোগে মহানগরীর সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটি মিলনায়তনে রুকন শিক্ষা শিবির-২০২৫ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। তিনি আরও বলেন, মনে রাখতে হবে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদের জুলুম ধরে রাখা যাবে না। সকল জুলুমের কবর রচনা করতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার জামায়াতে ইসলামি। জামায়াতে ইসলামির শীর্ষ নেতাদেরকে আওয়ামী লীগ বিচারিক হত্যা করেছে। যখন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন এটিএম আজহারুল ইসলাম, তখন আওয়ামী লীগ তাকে আটক করে মিথ্যা মামলা দিয়ে ১৩টি বছর কারাগারে বন্দি করে রেখেছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনও আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। দেশবাসী স্বৈরাচারের কবল থেকে পরিপূর্ণভাবে মুক্তি চায়। অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গির হুসাইন হেলালের পরিচালনায় আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গির আলম, আজিজুল ইসলাম ফারাজী, মাওলানা আন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, আ স ম মামুন শাহীন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, মীম মিরাজ হোসাইন প্রমুখ।
নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আখেরাতের সফলতায় মুমিন জীবনের প্রকৃত সফলতা। এ জন্য একজন ইমানদার হিসেবে দুনিয়ার সুযোগ সুবিধা আমাদের জন্য অগ্রগণ্য না। আমাদের মূল টার্গেট হবে আখেরাতে চূড়ান্ত সফলতা। তাই জামায়াতে ইসলামির রুকনদের আখেরাতকে প্রাধান্য দিয়ে জীবন পরিচালনা করতে হবে। সকল কাজে আল্লাহ, তাঁর রাসূল এবং উলিল আমরের নিকট আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদান করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ময়দানে সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে হবে। জামায়াতের রুকনদের কুরআনে বর্ণিত গুণাবলি সমূহ নিজেদের চরিত্রে ফুটিয়ে তুলে সমাজের মানুষের মাঝে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। মানব জীবনের প্রথম ভিত্তি হচ্ছে পরিবার। ব্যক্তি পরিবারের একটা অংশ। আর পরিবার সমাজের অংশ ও ভিত্তি প্রস্তর। সমাজকে বাদ দিয়ে যেমন রাষ্ট্রের কল্পনা করা যায় না, তেমনি পরিবার ছাড়া সমাজও অকল্পনীয়। এ জন্য ইসলাম পারিবারিক জীবনকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। ফলে জামায়াতের রুকনদের নিজেদের পরিবার নিয়ে চিন্তা করতে হবে। জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তির জন্য পরিবারের সদস্যদের ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে। স্ত্রী-সন্তানদের ইসলামি আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামি একটি গুরুত্বপূর্ণ শক্তি বা ফ্যাক্টর হলেও জামায়াত যে আদর্শকে ধারণ করে তা বাস্তবায়নের জন্য জামায়াতের জনশক্তিদের টার্গেট ভিত্তিক ও পরিকল্পিত ভাবে কাজ করতে হবে। প্রত্যেক জনশক্তিকে মানব সম্পদে পরিণত করে রাষ্ট্রের সকল সেক্টরে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। একটি সফল বিপ্লবের জন্য জনমত তৈরির পাশাপাশি যোগ্য লিডারশিপ তৈরি করতে হবে। জামায়াত কর্মীদেরকে সমাজ কর্মী হতে হবে। তাদেরকে মানব সেবায় উজ্জীবিত হয়ে সমাজের মানুষের কল্যাণে কাজ করতে হবে। মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বাইয়াত বা শপথ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মানব জীবনে সফলতার জন্য জ্ঞানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাইয়াত বিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। রুকনরাই এই সংগঠনের প্রাণ। একজন রুকন হিসেবে আমাদের পরিপূর্ণভাবে আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করতে হবে, বিনয়ের সাথে পথ চলতে হবে, আমিত্ব ভাব পরিত্যাগ করতে হবে। ইকামাতে দ্বিনের কাজ একটি ফরজ ইবাদত। ইকামাতে দ্বিনের কাজকে আঞ্জাম দেওয়ার জন্য জামায়াতের রুকনদের তাদের কৃত শপথের আলোকে জীবন পরিচালনা করতে হবে। সভাপতির বক্তৃতায় অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি এদেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি এবং জনমত সৃষ্টির মাধ্যমে এদেশে ইসলামি সমাজ বিনির্মাণ করতে চাচ্ছে। এ জন্য জামায়াতের জনশক্তিদের জনগণের সামনে ইসলামি সমাজ ব্যবস্থা, ইসলামি অর্থ ব্যবস্থা, ইসলামি বিচার ব্যবস্থা ও ইসলামি মূল্যবোধকে ব্যাপকভাবে তুলে ধরতে হবে। আর সৎ ও যোগ্য নেতৃত্বকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করে গণভিত্তিকে মজবুত করতে হবে। তিনি আরও বলেন, আন্দোলনের শপথের জনশক্তিদের নিয়ে এই শিক্ষা শিবিরের উদ্দেশ্য হচ্ছে, সংগঠনের পরিকল্পনা বাস্তবায়নের যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ে তোলা। নিজেদেরকে একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে আল্লাহর সন্তুষ্টির উপযোগী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালানো। আল্লাহর দেওয়া বিধানের সাথে আমাদের সম্পর্ক যত মজবুত হবে ইকামতে দ্বীন বিজয়ের কাজ ততো সহজ হয়ে উঠবে। সংগঠনকে শক্তিশালী ও বিজয়ী আন্দোলনে পরিণত করতে নিজেদের গণমুখী চরিত্রকে উদ্ভাসিত করতে হবে। খুলনা মহানগরীকে ইসলামি আন্দোলনের দুর্বার ঘাটিতে পরিণত করতে মহানগরীর প্রতিটি পাড়া মহল্লায় সংগঠনকে সম্প্রসারণ ও মজবুত করতে হবে।