
মো. আল মাসুম খান,ব্যুরো চিফমো, খুলনা :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আজ রাতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কুয়েটের দুর্বার বাংলার পাদদেশের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা এরপর সেখান থেকে জ্বলন্ত মশাল সহকারে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে প্রেস ব্রিফিং করেন। কুয়েটের শিক্ষার্থীদের পক্ষে প্রেস ব্রিফিং করেন বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম, ১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ জাহিদ ও একই ব্যাচের শিক্ষার্থী গালিব রাহাত। তারা অভিযোগ করে বলেন, গতকাল আমাদের কুয়েটের কতিপয় শিক্ষক আমাদের বিরুদ্ধে কর্মচারী,কর্মকর্তাদের সাথে মানব বন্ধনে দাঁড়িয়েছেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের সংগ্রাম শিক্ষকদের বিরুদ্ধে নয়। তারা আমাদের পিতৃতুল্য। আমাদের যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। কিন্তু আমরা ব্যথিত আজ দুই মাস ধরেও আপনারা আমাদের বিরুদ্ধে যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে কোনো মানব বন্ধন করলেন না। আমাদের নামে মিথ্যা মামলা হলো তাও আমাদের পক্ষে দাঁড়িয়ে মানব বন্ধন করলেন না। আর এখন আপনারা আমাদের বিরুদ্ধে কীভাবে গেলেন।যেখানে সারা দেশ আমাদের পক্ষে দাঁড়াচ্ছে।