
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :

খুলনা সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত পঞ্চবীথি ক্লাবের দখল ও উচ্ছেদকে ঘিরে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নামে পাল্টা-পাল্টি তিনটি মামলা দায়ের করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম গণমাধ্যমকে বলেন, দুই পক্ষই পৃথক মামলা করেছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। খুলনা সদর থানার এই সূত্রে জানা যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ নেতার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গতকাল সোমবার (২৪ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরীর যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার এবং জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ বাদী হয়ে খুলনা সদর থানায় পৃথক ২টি মামলা করেন। নাঈম হাওলাদারের মামলায় নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস কে রাশেদ, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জনি ও তাইজুল ইসলামকে আসামি করা হয়। আর শেখ সাকিব আহমেদের মামলায় রাশেদ, জনির সঙ্গে গণঅধিকার পরিষদের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল ও হিরোনকে আসামি করা হয়েছে। গত ২১ মার্চ এস কে রাশেদ বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা কমিটির সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন ও মহররম মাহীম, যুগ্ম মুখ্য সংগঠক শেখ রাফসান জানি ও কেন্দ্রীয় সদস্য রুমি রহমানের বিরুদ্ধে মামলা করেছিলেন। শান্তিধাম এলাকার স্থানীয়রা জানান, নগরীর শান্তিধাম মোড়ে গণপূর্ত অধিদফতরের সরকারি ভবনে পঞ্চবীথি ক্রীড়া চক্র নামে একটি ক্লাব রয়েছে। গত ২৭ জানুয়ারি ভবনটি দখল করে গণঅধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হয়। এর নেতৃত্বে ছিল গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে ঐ রাতেই রাশেদকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু বহিষ্কারের পরেও এস কে রাশেদ ওই ভবনে বসেই দলীয় কার্যক্রম পরিচালনা করছিলেন। সম্প্রতি সেখানে তাদের আরও কয়েকটি অঙ্গ সংগঠনের সাইনবোর্ড ঝোলানো হয়। উল্লেখ্য গত ১৮ মার্চ সন্ধ্যার পর থেকেই ভবনটির দখল উচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে বার্তা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খুলনার নেতা-কর্মীরা। পরে রাত ৯টার দিকে তারা ভবন উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুইপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন।