
এমডি আল মাসুম খান, ব্যুরো চিফ খুলনা :

খুলনায় ব্যবসায়ী অপহরণের অভিযোগে যুবদল নেতা এবং জাতীয় নাগরিক কমিটির (জানাক) নেতাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদেরকে একদিনের রিমান্ড মঞ্জুরের পর জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আজ রোববার (২৩ মার্চ) খুলনার সিএমএম আদালত ২ এর বিচারক মো: আল আমিন পুলিশ আবেদন গ্রহণ করে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন খুলনা মহানগর যুব দলের সাবেক সভাপতি মাহাবুব হাসান পিয়ারু (৫৫), জাতীয় নাগরিক কমিটি খুলনার সমন্বায়ক ইমন মোল্লা (২৪), জিয়াউস সাদাত (৪৮), জয় হাসান (২২) ও সাকির রহমান (২২)। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবিব গণমাধ্যমের সাংবাদিকদের জানান, শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে জনৈক ব্যবসায়ী নূরে আলম মোল্লাকে তার ভাড়া বাসা থেকে অপহরণ করা হয়। পরে তাকে খুলনার সদর থানাধীন গল্লামারী এলাকায় একটি ফ্ল্যাটে আটকে রেখে তার পরিবারের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ও ডিজিএফআই একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করে। পরে শনিবার সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয় এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগীর ছেলে কৌশিক আহমেদ এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।