
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সাথে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এবিষয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের অপরাধ তদন্ত সেলে পাঠানো হবে বলে জানা গেছে।
সাত সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আব্দুল্লাহ আল আসাদকে প্রধান ও অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের সদস্যসচিব শেখ রাসেল হল প্রভোস্ট মো. সাহাব উদ্দিন, সদস্য ইতিহাস বিভাগের সভাপতি আতিকুজ্জামান ভূইয়া, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামসুল আরেফিন, সহকারী প্রক্টর আইরিন পারভীন, মো. আসিফ খাদেল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ওহিদুল ইসলাম রাতুল।
গত শনিবার বিশ্ববিদ্যালয়ে সোহাগ নামক এক ছাত্রলীগ নেতা পরীক্ষা দিতে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়করা তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে গেলে এ সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ক্যাম্পাসে নেতৃত্ব দেওয়া অন্যতম সমন্বয়ক কৃষি বিজ্ঞান বিভাগের জসিম ও পদার্থ বিজ্ঞান বিভাগের শরিফ আহত হয়।