
এ টি এম মাহমুদ, নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমের মুক্তির দাবিতে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা বিশ্বরোড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকরা।
আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা বলেন, জিএম শাহাবুদ্দিন আজম দীর্ঘদিন ধরে অসুস্থ এবং শয্যাশায়ী। এমন একজন অসুস্থ ব্যক্তিকে আর কতদিন আটক রাখা হবে—এমন প্রশ্ন তুলে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান তারা।
এ সময় বিক্ষোভকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি ‘আজম ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই’ স্লোগানেও মান্দারতলা বিশ্বরোড এলাকা মুখরিত হয়ে ওঠে।
বিক্ষোভকারীরা আরও বলেন, জিএম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁর শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে দ্রুত মুক্তির ব্যবস্থা করা উচিত।
বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা বিশ্বরোড এলাকায় সমর্থকদের অবস্থান ও বিক্ষোভের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচলে প্রভাব পড়ে।
বিক্ষোভকারীরা তাদের দাবি মেনে নিয়ে জিএম শাহাবুদ্দিন আজমকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান।