
আবিদুর রহমান নাহিয়ান, বার্তা সম্পাদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি টুঙ্গিপাড়া থানায় কর্মরত রয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় এসআই মোসলেম আলী আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে কারা এবং কী কারণে তার ওপর হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে যান চলাচল বন্ধ করে পুলিশের সরকারি গাড়ির পথরোধ করেন। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান এবং লাঠিসোঁটা দিয়ে পুলিশের গাড়িতে আঘাত করে এর বিভিন্ন অংশের কাচ ভেঙে ফেলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের বারবার সড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করে। তবে তারা সেই অনুরোধ উপেক্ষা করে ভাঙচুর অব্যাহত রাখেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে পুলিশের গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরে সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষা এবং আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল ও তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এদিকে, ওই ঘটনার পর গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করছেন আওয়ামী লীগে ও তার অঙবগ সংগঠনের নেতাকর্মীরা নেতা-কর্মীরা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোববারও গোপালগঞ্জে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। এ সময় মিছিলকারীদের হাতে লগি-বইঠা হাতে নিয়ে মিছিল করতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এরই মধ্যে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীর ওপর হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার বাদী হওয়ায় পূর্ববিরোধ, মামলা-সংক্রান্ত বিরোধ কিংবা অন্য কোনো কারণে এ হামলা হয়েছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, এসআই মোসলেম আলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি সাম্প্রতিক সহিংসতা ও ভাঙচুরের ঘটনাগুলো নিয়েও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।