নাতিকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল দাদার।

এস এম আজাহার হোসেন, ব্যুরো চিফ, মাদারীপুর :

নাতিকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল দাদার।

মাদারীপুরের শিবচরে দুই বছর বয়সী নাতিকে বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কা থেকে রক্ষা করতে গিয়ে শাহজাহান খন্দকার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নাতিকে নিরাপদে সরিয়ে দিতে পারলেও নিজে ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাঁচ্চর বাজারের স্বর্ণপট্টিগামী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান খন্দকার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে দুই বছর বয়সী নাতিকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান শাহজাহান খন্দকার। কেনাকাটা শেষে নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে তাদের দিকে একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে এগিয়ে আসে। এ সময় দুর্ঘটনা থেকে নাতিকে রক্ষা করতে শাহজাহান খন্দকার দ্রুত তাকে সরিয়ে দেন। এতে শিশুটি ট্রাক্টরের সরাসরি ধাক্কা থেকে রক্ষা পেলেও শাহজাহান নিজে ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। এ সময় ট্রাক্টরটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত শাহজাহান খন্দকারকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিল খান বলেন, শাহজাহান খন্দকারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

এদিকে দুর্ঘটনায় শিশুটির মাথা ও পিঠের কিছু অংশ ছিলে গেলেও বড় ধরনের কোনো আঘাত লাগেনি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নাতিকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দাদার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাক্টর ও চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

—মাদারীপুর প্রতিনিধি