রূপসায় বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা।

ক্রাইম নিউজ ডেস্ক :

রূপসায় বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

বাহিরদিয়া এলাকার হীরকের দোকানে বসে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় দুর্বৃত্তদের হামলা, হত্যার কারণ খুঁজছে পুলিশ

খুলনার রূপসায় মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক নেতাকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য। তিনি রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া এলাকার হীরকের দোকানে বসে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে। এরপর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ হয়ে জাকির হোসেন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। জাকির হোসেনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের তথ্য সংগ্রহসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হত্যার নেপথ্যে রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।