গোপালগঞ্জে ছাত্রলীগের লকডাউন, বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ।

শুভ্র সাহা, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে ছাত্রলীগের লকডাউন, বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিকে কেন্দ্র করে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও লকডাউন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) দিনভর জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, টায়ার ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার দুপুরের দিকে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বরসহ বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। পরে শহর এলাকার যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

তবে জেলার বিভিন্ন সড়কে দিনভর পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুকসুদপুর অংশে কোথাও গাছের গুঁড়ি ফেলে এবং কোথাও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এতে ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। একইভাবে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ রাখার ঘটনা ঘটে।

রাত থেকেই বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

এর আগে সোমবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটক, মুকসুদপুর কলেজ গেট, পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে এবং কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গোপালগঞ্জে ছাত্রলীগের লকডাউন, বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ।

এদিকে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। কোটালীপাড়ায়ও মশাল মিছিল বের করার খবর পাওয়া গেছে।

৮ জন গ্রেপ্তার, উদ্ধার ১৫ অবিস্ফোরিত ককটেল

সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে সাতটি মোটরসাইকেল এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় তৎপর রয়েছে।

গোপালগঞ্জে ছাত্রলীগের লকডাউন, বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ।

তবে লকডাউন ও বিক্ষোভ কর্মসূচি ঘিরে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে—তা পুলিশ সূত্রে বিস্তারিত জানা যায়নি।