
নইন আবু নাঈম, শরণখোলা, বাগেরহাট :

বাগেরহাটের শরণখোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রায়েন্দা বাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
পরে শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসহাক আলী এবং উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার।
এদিকে উপজেলার তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজেও যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো. হেমায়েত উদ্দিন কাজী, অধ্যক্ষ মানিক চাঁদ রায়, সহকারী অধ্যাপক আব্দুল মালেক রেজা, মো. মোশাররফ হোসাইন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক আল মামুন।
এ ছাড়া শরণখোলা সরকারি কলেজ, রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল, আরকেডিএস বালিকা বিদ্যালয়, তাফালবাড়ী সিনিয়র মাদ্রাসা, মাতৃভাষা ডিগ্রি কলেজ, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।